সংসারে ভাঙন নিয়ে মুখ খুললেন মাহি
মিডিয়া পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহিয়া মাহির সংসার ভাঙনের মুখে। স্বামীর সঙ্গে না থেকে আলাদা থাকছেন মাহি। শোবিজ দুনিয়া এমন খবরই উড়ছে বেশ কদিন ধরে।
এদিকে, নতুন বছর শুরু হতে না হতেই ফেসবুকে জীবনে এখনও প্রকৃত প্রেম আসেনি বলে মাহির হাহাকার জড়ানো স্ট্যাটাস। সব কিছু নিয়েই নতুন বছরের শুরুতেই মাহির সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে— এ নিয়ে চলছে গুঞ্জন। তবে এসব গুঞ্জনের বিপরীতে শুক্রবার নতুন করে মুখ খুললেন মাহি। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানালেন, বেশ সুখে শান্তিতেই সংসার করছেন। কোনো ঝামেলা চলছেনা তাদের মধ্যে। মাহি লিখেন, ‘আমরা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের উল্টা পাল্টা খবরে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়।’
জানা গেছে, বেশ কয়েক মাস ধরে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার বনিবনা হচ্ছে না। থাকছেন আলাদাও। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মাহির পোস্ট করা ছবিতে দেখা যায় না অপুকে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি।
ওই সময় মাহি বলেছিলেন, ‘ব্যক্তিগত অভিমানের কারণে আপাতত অপুর সঙ্গে ছবি প্রকাশ করছেন না তিনি।’ তাও গত বছরের শুরুর কথা। এর মধ্যেও তাদের ‘ব্যক্তিগত অভিমান’ ভাঙেনি, এমনটাই বলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এখনও মাহি-অপু কেউই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে একসঙ্গে কোনো ছবি প্রকাশ করেনি।
ঘনিষ্টসূত্র থেকে আরও জানা যায়, মাহি এখন তার ফ্যাশন হাউজ ‘ভারা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর অপু ব্যস্ত আছেন তার সিলেটের ব্যবসা নিয়ে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও মাহমুদ পারভেজ অপুর বিয়ে সম্পন্ন হয়। দুজনের মধ্যে পূর্ব পরিচয় থাকলেও উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে করেন মাহি-অপু। এর আগে, ওই বছর ১২ মে গোপনে মাহি ও অপুর বাগদান হয়।


