English Version
আপডেট : ২০ অক্টোবর, ২০১৯ ১০:৩৭
সূত্র:

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ

তাঁর শারীরিক অবস্থা নিয়ে দিন কয়েক ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। কখনও খবর বেরিয়েছে, তিনি গুরুতর অসুস্থ। লিভার ট্রান্সপ্লান্ট করাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোথাও কোথাও আবার শোনা যায়, এটি রুটিন চেকআপ। সেই সব জল্পনার মাঝে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে নিজেই মুখ খুললেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে নিজের শারীরিক অবস্থা ব্যাখ্যা করলেন তিনি নিজেই। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভ বচ্চনকে। তারপরই নানা গুঞ্জন শুরু হয়। হাসপাতাল বা বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনও বিবৃতি না আসায় তা গুঞ্জনে ইন্ধন জুগিয়েছে।

শোনা যায়, হাসপাতালে একটি বিশেষ ঘরে অমিতাভ বচ্চনকে রাখা হয়েছিল। ওই ঘরে আইসিইউ-এর মতো ব্যবস্থা করা রয়েছিল। সেই খবর ছড়িয়ে পড়ার পরই উত্কণ্ঠা বাড়ে বলিউডসহ বিগ বি’র ভক্তদের মাঝে। তবে এই সব তথ্য সত্য কিনা তা জানা যায়নি কোনও পক্ষ থেকেই। এরই মধ্যে শুক্রবার রাতে অমিতাভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রাত্রে তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান স্ত্রী জয়া ও ছেলে অভিষেক।

যদিও সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি বচ্চন পরিবারের কেউ। ফলে ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তা নিয়ে সঠিক কোনও তথ্য পাওয়া সম্ভব হয়নি। রাতে বাড়ি ফিরে নিজের ব্লগে পোস্ট করেন অমিতাভ। সেখানে লিখেছেন, ‘কারও শারীরিক অবস্থা, অসুস্থতা,ব্যক্তিগতও গোপনীয় বিষয়। তাকে ব্যবহার করা বা তার থেকে বাণিজ্যিক সুবিধা তোলা অনুচিত। বোঝা উচিত, এটি বিক্রি করার মতো বিষয় নয়।’ পরে অমিতাভ বচ্চন আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁদের সবাইকে আমার ভালবাসা’।