English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯ ১২:০৪
সূত্র:

সালমার গানে মডেল হলেন অহনা

সালমার গানে মডেল হলেন অহনা

পুরনো গানের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। গানটির শিরোনাম ‘মন মাঝি’। এটি প্রকাশ হয় ২০১৭ সালে। সেই সময় গানটির লিরিকাল ভিডিও খুব জনপ্রিয় হয়েছিল। 

নতুন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনাকে। হৃদয় ছোঁয়া গল্পের চমৎকার একটি চরিত্রে দেখা যাবে তাকে। এখানে অহনার বিপরীতে আছেন নবাগত মডেল রোমিও।

এছাড়া ‘মন মাঝি’ নামে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রিফাত চৌধুরী জিদান ও শিশু শিল্পী আজান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আহমেদ শাকিল নিশান।

গানটির কথা ও সুর করেছেন জিয়া উদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। ‘মন মাঝি’ মিউজিক ভিডিওটি আজ বুধবার (২৮ আগস্ট) জিসান মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

জনপ্রিয় ক্লোজআপ তারকা সালমা এই মিউজিক ভিডিও নিয়ে বলেন, ‘মন মাঝি’ গানটি আমার ১১তম একক অ্যালবামের টাইটেল ট্র্যাক। গানটি প্রকাশ হয় ২০১৭ সালে ভালোবাসা দিবসে উপলক্ষে। তখন এটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। আশা করি ‘মন মাঝি’ গানের ভিডিওটিও হিট হবে।’

অ্যালবামের গানগুলো ছিল ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ এবং মুশফিক লিটু।