English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৯ ১২:৩৩
সূত্র:

নায়করাজ রাজ্জাকের স্মরণে এফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিল

নায়করাজ রাজ্জাকের স্মরণে এফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিল

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আজ আমাদের মহান নায়ক নায়করাজের প্রয়াণ দিবস। তিনি শুধু নায়কদের রাজাই ছিলেন না, তিনি আমাদের এই চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা। আমরা গর্বের সঙ্গে স্মরণ করছি, আমাদের একজন রাজ্জাক ছিলেন। তিনি যেখানেই থাকুন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন।’

বাদ আসর মিলাদ জানিয়ে জায়েদ বলেন, ‘আজ বাদ আসর আমরা শিল্পী সমিতিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। সকাল থেকে এফডিসি মসজিদে কোরআন খতম পড়ানো হচ্ছে। আশাকরি, আমাদের চলচ্চিত্রের শিল্পীরা বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলে আসবেন। আপনারা সবাই দোয়া করবেন রাজ্জাক ভাইয়ের জন্য।’

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নায়করাজ রাজ্জাক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। রাজধানীর বনানী কবরস্থানে নায়করাজকে সমাহিত করা হয়।

নায়করাজ রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের (বর্তমান ভারত) কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় সরস্বতী পূজা চলাকালীন মঞ্চনাটকে অভিনয়ের জন্য তার শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক, অর্থাৎ নাটকের কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক ‘বিদ্রোহী’তে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়করাজের অভিনয় জীবন শুরু। ১৯৬৪ সালে রাজ্জাক তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। চলচ্চিত্রকার আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে ছোট একটি চরিত্রে প্রথম অভিনয় করেন। এরপর ‘কার বউ’, ‘ডাক বাবু’তেও অভিনয় করেন। চলচ্চিত্রে নায়ক হিসেবে তার প্রথম ছবি জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। সেই থেকে তিনি তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। পরিচালনা করেন ১৬টি চলচ্চিত্র।

নায়করাজ রাজ্জাকের অভিনয় করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে—বেহুলা, আগুন নিয়ে খেলা, দর্পচূর্ণ, এতুটুকু আশা, নীল আকাশের নীচে, কখগঘঙ, জীবন থেকে নেয়া, নাচের পুতুল, অশ্রু দিয়ে লেখা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, শুভ দা, অভিযান, যোগাযোগ, অন্ধবিশ্বাস, টাকা আনা পাই, ছন্দ হারিয়ে গেল, মানুষের মন, অতিথি, যোগ বিয়োগ, মধুমিলন, যে আগুনে পুড়ি, দুই পয়সার আলতা, অনেক প্রেম অনেক জ্বালা, দ্বীপ নেভে নাই, পীচঢালা পথ, দুই ভাই, আবির্ভাব, বন্ধু, বাঁশরী, আশার আলো, কে তুমি, মতিমহল, আনোয়ারা, নাত বউ, অবাক পৃথিবী, কি যে করি, গুণ্ডা, অনন্ত প্রেম, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, মহানগর, বড় ভাল লোক ছিল, রাজলক্ষ্মী শ্রীকান্ত, স্বরলিপি, বাঁদী থেকে বেগম, বাবা কেন চাকর ইত্যাদি।