English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯ ১১:৫৩
সূত্র:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত তবুও ছবির প্রচারণায় ববি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত তবুও ছবির প্রচারণায় ববি

এবারের ঈদটা ভালো যায়নি চিত্রনায়িকা ববির। কারণ ঈদের আগেই আক্রান্ত হয়েছেন ডেঙ্গুজ্বরে। ডেঙ্গুর সেই ধকল সামলাতেই গিয়েই সহ্য করতে হয়েছে শারীরিক যন্ত্রণা। গত ৬ আগস্ট রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরপইর কিছুদিন হাসপাতালে ভর্তি থাকেন।

সারাদেশে ১২ আগস্ট ঈদের দিন থেকে ববি ও চিত্রনায়ক রোশান অভিনীত বেপরোয়া ছবিটি মুক্তি পেয়েছে। অনেক প্রত্যাশিত এ ছবি নিয়ে স্বাভাবিক উত্তেজনার পারদ ছিল চরমে। তাই বলে অসুস্থতা অবস্থায় ছবির প্রচারে নেমে পড়বেন? এমনটাই করেছেন ববি। ঈদের পর তাকে ছবির প্রচারে কয়েকটি জায়গায় দেখা যায়।

গতকাল শনিবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বেপরোয়া চলচ্চিত্রের একটি ‘গেট টুগেদার’ প্রদর্শনী ছিল। সেখানেও উপস্থিত হন ববি। ববি বলেন, ‘আসলে কী করবো বলেন, শারীরিকভাবে অনেক দুর্বল এখনো। তারপরেও ঘরে থাকতে পারলাম না। আসলে নিজের ছবি তো…’। রক্তে প্লাটিলেট এখনও কম। দুর্বলতাও রয়েছে। চিকিৎসকের অন্যান্য সকল পরামর্শই মেনে চলছেন-এমনটা জানালেন এই চিত্রনায়িকা।

চলচ্চিত্রের বিরতিতে ও প্রদর্শনী শেষে ভক্তদের আবদার মিটিয়েছেন ববি। একের পর এক ছবি তোলা ও কথা বলা, উত্তর দেয়া সব হাসিমুখেই করতে দেখা যায় এই নায়িকাকে।

ইয়ামিন হক ববি ‘খোঁজ—দ্য সার্চ’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। ২০১৩ সালে ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’, মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবিতে অভিনয় করেন। পরে তিনি ‘স্বপ্ন ছোঁয়া’, ‘সালাম মালয়েশিয়া’ এবং ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে অভিনয় করেন।

এ ছাড়া ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে এবং শাকিব খানের প্রযোজিত প্রথম ছবি ‘হিরো—দ্য সুপারস্টার’ ছবিতে দেখা যায় তাঁকে। ২০১৮ সালে তিনি প্রযোজনায় নাম লেখান এবং তাঁর নিজের প্রযোজিত নারী সুপারহিরোভিত্তিক ছবি ‘বিজলী’তে অভিনয় করেন। এ বছর তিনি শাকিব খানের বিপরীতে ‘নোলক’ ছবিতে অভিনয় করেন। ঈদে মুক্তি পেল তাঁর অভিনীত চলচ্চিত্র ‘বেপরোয়া’।