তিন দিনেই বাজেট তুলে ফেলল ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’!
এমনটা প্রত্যাশিতই ছিলো। বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা মুক্তি পাবে, আর সেটা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দেবে; এটা সবাই ভেবে রেখেছিলেন। বাধ্য শিশুর মতো ‘এন্ড গেম’ তাই করে দেখাচ্ছে। মুক্তির পর বক্স অফিসে আয়ের ঝড় তুলেছে এই সিনেমা। যেই ঝড়ে উড়ে যাচ্ছে অতীতের সমস্ত রেকর্ড!
বিশ্বব্যাপী ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ মুক্তি পেয়েছে ২৬ এপ্রিল, শুক্রবার। তবে চীনে সিনেমাটি মুক্তি পায় দু’দিন আগে অর্থাৎ ২৪ এপ্রিল। এছাড়া ২৫ এপ্রিল ‘এন্ড গেম’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি দেশে। সব মিলে মাত্র দিন হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ মুক্তির। আর এই তিন দিনেই অবিশ্বাস্য আয় করে ফেলেছে সিনেমাটি।
ডেডলাইনের রিপোর্ট অনুযায়ী, তিন দিনে বিশ্বব্যাপী ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ আয় করেছে ৩৪৯ মিলিয়ন ডলার! যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ হাজার কোটি! সিনেমাটি নির্মাণ হয়েছেও এই বাজেটে। অর্থাৎ মুক্তির মাত্র তিন দিনেই বাজেট তুলে ফেলেছে ‘এন্ড গেম’।
‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’-এ অভিনয় করেছেন, আয়রন ম্যান বা টনি স্টার্ক (রবার্ট ডাওনি জুনিয়র), থর (ক্রিস হেমসওয়ার্থ), হাল্ক বা ব্রুস বানার (মার্ক রুফালো), ক্যাপ্টেন মারভেল বা ক্যারল ডেনভার্স (ব্রি লার্সন), ব্ল্যাক প্যান্থারের সেনাপতি ‘ওকোয়োই’ (ডানাই গুরিরা), ক্যাপ্টেন আমেরিকা বা স্টিভ রজার্স (ক্রিস ইভান্স), ব্ল্যাক ইউডো বা নাতাশা রোম্যানফ (স্কারলেট জনসন), ওয়ার মেশিন বা জেমস রডিস (ডন চিডেল), অ্যান্ট ম্যান বা স্কট ল্যাং (পল রুড), নেবুলা (ক্যারেন গিলান) ও হাওকি বা ক্লাইন্ট বার্টন (জার্মি রেনার)।
বরাবরের মতো ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ সিনেমাটিও পরিচালনা করেছেন দুই সহোদর অ্যান্থনি রুশো ও জো রুশো। মার্ভেল স্টুডিওসের সবচেয়ে দীর্ঘ সিনেমা এটি। বিশ্বের ৪হাজার ৬শ ৬২টি সিনেমা হলে চলছে এই সিনেমা।


