English Version
আপডেট : ১৯ মার্চ, ২০১৯ ১৯:২০
সূত্র:

হেলমেট না পড়ায় মাশুল দিতে হলো সারাকে

হেলমেট না পড়ায় মাশুল দিতে হলো সারাকে

‘সিম্বা’ তারকা সারা আলি খান ও সোনু কে টিটু কি সুইটি তারকা কার্তিক আরিয়ানের একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে, যেখানে কার্তিকের বাইকে চড়তে দেখা গেছে সারাকে। ভিডিওটি তাদের ‘লাভ আজকাল টু’র সেটের। দুই তারকাকে একসঙ্গে বাইকে দেখে নেটিজেনরা খুশি হলেও হেলমেট না পরায় ট্রোলড হয়েছেন সারা।

নেটিজেনরা বলছেন, মোটরবাইকে চড়ার সময় অবশ্যই সারার হেলমেট পরা উচিত ছিল। তাদের মতে, শুধু বাইকেই নয়, যদি জিনের গাড়িতেও চড়া হয়, তবুও হেলমেট পরা উচিত!

টুইটারে একজন মন্তব্য করেছেন, ‘সারার হেলমেট কোথায়?’ অন্যজন লিখেছেন, ‘পেছনের জনেরও হেলমেট পরা উচিত ছিল।’

অবশ্য সারার সমর্থনেও এগিয়ে এসেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘যারা ট্রোলিং করছে, তাদের সবার মাথায় গোবর, কাজকর্ম নেই। এটা শুটিং সেটের, ট্রাফিক আইন প্রযোজ্য নয়। আবার অনেকেই বলছে ভিডিওতে বাইক চলছে না, সারা বসে আছেন মাত্র।’

ভিডিওতে দেখা যায়, কার্তিক হেলমেট পরেছেন। তার পেছনে বসে আছেন সারা। তবে হেলমেট নেই মাথায়। ওভারকোট পরেছিলেন সারা আর কার্তিক পরেছিলেন নীল শার্ট। ভিডিওটি অন্তর্জালে ভাইরাল হয়েছে।

ভারতের রাজধানী দিল্লিতে ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল টু’র শুটিং চলছে, যে ছবিতে রোমান্স করতে দেখা যাবে দুজনকে।

উল্লেখ, ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘লাভ আজকাল’ ছবিটি। প্রথম কিস্তিতে জুটি বেঁধেছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। ১০ বছর পর সেই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে, আর তাতে প্রধান চরিত্রে আছেন সাইফকন্যা।