English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৯ ২০:১৫
সূত্র:

মিথিলার বিয়ের গুঞ্জন, পাত্র কলকাতার পরিচালক

মিথিলার বিয়ের গুঞ্জন, পাত্র কলকাতার পরিচালক

নিজের প্রযোজনা সংস্থা থেকে বিভিন্ন ছবি প্রযোজনা করতে চান সৃজিত মুখোপাধ্যায়, সে কথা আগেই জানিয়েছিলেন। এবার একটি মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত হল তার প্রযোজনা সংস্থা। গায়ক অর্ণবের নতুন একটি গানের মিউজিক ভিডিও এটি।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, অর্ণব নতুন গান তৈরি করার থেকে অনেকটাই বিরতি নিয়েছিলেন। এবার ফিরলেন। নিজে অ্যারেঞ্জ করে সম্প্রতি একটি গান গেয়েছেন তিনি। সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা।

প্রায় বছর খানেক ধরেই এ অভিনেত্রীর হৃদয়ের আসন ফাঁকা পড়ে আছে। কিন্তু সম্প্রতি নাকি সেই আসনটি দখলে নিয়েছেন কলকাতার সৃজিত। টলিউডের আকাশে বাতাসে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে, ২০২০ সালের গোড়ার দিকে মিথিলাকে নিয়ে সৃজিত বিয়ের পিঁড়িতেও বসবেন।

বাংলাদেশের জনপ্রিয় গায়ক অর্ণবের নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রযোজনা করছে নির্মাতা সৃজিতের প্রযোজনা সংস্থা। সম্প্রতি রায়চকে হয় এই গানের মিউজিক ভিডিওর শুটিং। সেখানে কলকাতার দুই অভিনয়শিল্পী ইন্দ্রাশিস রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের মিথিলাকেও দেখা যায়।

গায়ক অর্ণবের মামাতো বোন মিথিলা। সেই সূত্রে পরিচালক সৃজিতের প্রযোজনা সংস্থা এই মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত হয়। এই মিউজিক ভিডিওর কাজে মিথিলা সম্প্রতি কলকাতা গেছেন। এরপর থেকেই নাকি পরিচালক সৃজিত তাকে পুরো শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখাচ্ছেন। অর্থাৎ দুইজনের সম্পর্ক শুধুমাত্র শুটিং ফ্লোরে সীমাবদ্ধ নেই বলে গুঞ্জন।

পরিচালক সৃজিতের ঘনিষ্ঠ মহল বলছে, আগামী বছরের গোড়ার দিকে সাত পাকে বাঁধা পড়ার কথা ভাবছেন তিনি। তাই দুয়ে-দুয়ে চার করলে জল্পনা আরও বাড়ছে। এখন সবাই অপেক্ষায় রয়েছেন সৃজিতের সঙ্গে মিথিলার এই ইনিংস কতটা লম্বা হয়। পাশাপাশি অপেক্ষায় তার নতুন মিউজিক ভিডিওর জন্যেও।

এর আগে বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে সৃজিতকে জড়িয়ে নানা মুখরোচক সংবাদ ছাপা হয়েছে সংবাদ মাধ্যমে। সেসব খবর এখনও পুরনো হয়নি। সেখানে বলা হয়েছিল, সৃজিতের সঙ্গে জয়ার প্রেমের সম্পর্ক রয়েছে। তারা বিয়েও করতে চলেছেন। এবার সেই সৃজিতের সঙ্গে জড়ালো মিথিলার নাম।

উল্লেখ্য, অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলার ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয়েছিল অভিনেতা ও গায়ক তাহসান রহমান খানের সঙ্গে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের সংসারে আসে কন্যা সন্তান আয়রা। ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু ২০১৭ সালের ২০ জুলাই সবাইকে অবাক করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন জনপ্রিয় এই তারকা জুটি।