English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৯ ১১:২৭
সূত্র:

রিকশায় চড়ে মাইকিং করছেন তাহসান!

রিকশায় চড়ে মাইকিং করছেন তাহসান!

হালের ক্রেজ তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। মাইক্রোফোন হাতে সবসময় গান গাইতে দেখা গেলেও এবার তাকে পাওয়া গেল অন্যভাবে। রিকশায় চড়ে মাইক হাতে মাইকিং করে বেড়াচ্ছেন পুরো শহর।

জানান দিচ্ছেন- একটি সংবাদ। শোক সংবাদ নয়, সুখ সংবাদ। আসিতেছে, গায়ক তাহসানের প্রথম সিনেমা।

আসিতেছে। আপনার প্রিয় প্রেক্ষাগৃহে। আপনাদের পছন্দের চলচ্চিত্র ‘যদি একদিন’ ‘যদি একদিন’..‘যদি একদিন’ এভাবেই রাস্তায় মাইকিং করছেন তাহসান। পুরো বিষয়টি তিনি বেশ উপভোগও করছেন।

সিনেমার প্রচারণায় মাইকিং করার বিষয়টি পুরনো। এ দৃশ্যের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। কিন্তু সিনেমা মুক্তির আগে নায়ক নিজেই মাইকিং করছেন, এমনটা কেউ দেখেননি। সবাইকে চমকে দিয়ে সেই কাজটি করে যাচ্ছেন তাহসান। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে এমন প্রচারণা শুরু করেন তিনি। এ সময় রিকশায় সঙ্গে ছিলেন তাহসান অভিনীত ‘যদি একদিন’ সিনেমার পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

ছবির প্রচারের এমন ভাবনা প্রসঙ্গে তাহসান বলেন, সিনেমার সঙ্গে তো আসলে মাইকিং অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন তো আর এটি হয় না। যদি ঘটা করে এই কাজটা করা যায় তাহলে কিন্তু দারুণ হয়। এই আইডিয়া থেকে কাজটি করা। মনে হলো, এটা পুরোনো ঐতিহ্য, মানুষকে আকৃষ্ট করবে।

তাহসানকে এভাবে রাস্তায় দেখে অবাক হচ্ছেন সাধারণ মানুষ। তাহসান বলেন, ‘মানুষ খুব অবাক হচ্ছে এই ভেবে যে, আমি কেন এমন কাজ করছি। আমার অন্য কোনো কাজের প্রচারে তো কেউ এভাবে দেখে নাই। তবে তারা সবাই বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছে। তাদের ধারণা, আমার কাজের ওপর বিশ্বাস আছে বলেই হয়তো এমনটা করছি। ভক্ত ও সাধারণ মানুষেরা আস্থাটাও পাচ্ছে অনেক বেশি।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ সুন্দর গল্পের সিনেমা দেখতে চায়। আমাকেও তারা বড় পর্দায় দেখার জন্য বারবার বলছিল। কিন্তু ব্যাটে–বলে না মেলায় এত দিন করতে পারিনি। এবার সবকিছু মিলে যাওয়াতে নিজের সেরাটা দিয়ে সিনেমার কাজটা করার চেষ্টা করেছি।’

‘যদি একদিন’ সিনেমার প্রচারে শুধু মাইকিং নয়, নানা রকমের প্রচারণায় থাকছেন এই ছবির নায়ক ও কলাকুশলীরা। কয়দিন আগেও এক মধ্যরাতে তাহসান রাস্তায় নেমে নিজ হাতে পোস্টার লাগিয়েছেন, অনলাইন জরিপের উত্তর দিয়েছেন। শোনা যাচ্ছে, ছবিটির প্রতি দর্শকদের আগ্রহী করতে অনেকের বাড়ি বাড়িও হঠাৎ করে ঢুঁ মারতে পারেন তিনি।

‘যদি একদিন’ চলচ্চিত্রে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আরও অভিনয় করেছেন তাসকিন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, রাইসা, মিলি বাশারসহ অনেকে।

আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে সারা দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’ ছবিটি।