English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১৫:১০
সূত্র:

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কনা

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কনা

বাংলা সঙ্গীত জগতের অন্যতম একটি নাম দিলশাদ নাহার কনা। কণ্ঠগুণে ক্রমশ ওপরের দিকে উঠছেন কনা। এরই মধ্যে চলচ্চিত্রও ভিডিও গানে গড়েছেন রেকর্ড। ইউটিউবের ভিউ বিচারে নারী কণ্ঠশিল্পীদের মধ্যে এগিয়ে আছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দুই কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছে তার গাওয়া ‘ইচ্ছেগুলো’ গানের ভিডিওটি।

২০১৭ সালের ২৭ এপ্রিল নিজেদের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। গত মাসে অডিও-ভিডিও বাজারে প্রথম দুই কোটি ভিউয়ের রেকর্ড গড়েন কনা। ‘রেশমী চুড়ি’ নামের সেই গানটি প্রকাশ পেয়েছিল তিন বছর আগে, ২০১৬ সালের ৩১ মার্চ। অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে একই শিল্পীর গাওয়া ‘ইচ্ছেগুলো’ একই রেকর্ড অর্জন করে। তবে সেটি মাত্র দুই বছরের ব্যবধানে।

সে হিসেবে ‘ইচ্ছেগুলো’ গানটির মাধ্যমে কনা নিজের রেকর্ড ভেঙেছেন নিজেই। ‘ইচ্ছেগুলো’ গানটিতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিওতে মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের তাসনুভা তিশা। এতে আছে কনার উপস্থিতিও। ভিডিওটি নির্মাণ করেছেন একে পরাগ।