English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:০৮
সূত্র:

ফের তেলেগু ছবিতে মেঘলা

ফের তেলেগু ছবিতে মেঘলা

বাংলাদেশি অভিনেত্রী মেঘলা মুক্তা ক্যারিয়ারের অল্প সময়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। অভিনয়ের প্রথম দিকেই প্রথম বাংলাদেশি নায়িকা হিসেবে তেলেগু ছবিতে অভিনয় করেছেন। তার প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’ মুক্তি পায় ভারতের দেড়শ’র বেশি সিনেমা হলে। 

কিছুদিন হল দেশে ফিরেছেন এই পর্দা কন্যা। জানতে চাওয়া হয় নতুন কাজের বিষয়ে। উত্তরে বলেন, আবারো তেলেগু সিনেমায় কাজ করতে যাচ্ছি। আমার অভিনীত আগের তেলেগু সিনেমাটি ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর ১৬৮ প্রেক্ষাগৃহে পয়লা ফেব্রুয়ারি মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করার পর বেশ সাড়া পেয়েছি। সামনের মাসে নতুন একটি ছবির কাজে হায়দারাবাদ যাব।

তবে নতুন এই তেলেগু সিনেমাটি নিয়ে এখন কোনো তথ্য দিতে চাই না। শুধু বলতে চাই, সব ঠিক থাকলে হায়দরাবাদে পরের মাসে গিয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বিস্তারিত জানাব। 

উল্লেখ্য, ‘সাকালাকালা ভাল্লাভুডু’ সিনেমার পরিচালক হিসেবে কাজ করেন শিবা গণেশ। এতে অভিনয়ের জন্য ২০১৭ সালের ডিসেম্বরে হায়দরাবাদে অডিশন দেন মেঘলা। শতাধিক প্রতিযোগীকে টপকে ভারতের দক্ষিণের ছবিতে নায়িকা হওয়ার সুযোগ মেলে। 

এ সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে আছেন তানিষ্ক রেড্ডি। মেঘলার বাবার চরিত্রে আছেন তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারকে। যিনি দক্ষিণের অন্যতম শক্তিমান অভিনেতা রজনীকান্তের ‘শিবাজি’ ও বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’-এ খলচরিত্রের অভিনেতা ছিলেন। ছবি মুক্তির পর এক কথায় বলতে গেলে মেঘলাকে নতুন রূপে চিনতে শুরু করে সবাই। 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই নায়িকা বাংলাদেশে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’, ‘নবাব’ সিনেমায় অভিনয় অভিনয় করেও প্রশংসা পান।