English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৫৫
সূত্র:

কলোনির মাস্তান তিশা

কলোনির মাস্তান তিশা

দর্শকদের আনন্দ দেয়ার জন্য কত কিছুই না করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। এক এক সময় এক এক চরিত্রে নিজেকে মেলে ধরতে হয়। বর্তমান সময়ে ছোট পর্দার প্রিয় মুখ মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। দর্শকরা তাকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে দেখেছেন পর্দায়। এবার ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কলোনিতে এক নামে সবাই চেনে ইতিকে। কারণ, সে এলাকার একমাত্র লেডি মাস্তান। সবাই তাকে ভয় পায়, সম্মান করে, সালামও দেয়। কলোনির যতো ছোট বোন আছে সবাই তার সঙ্গী। সে যা বলে, তাই চলে এলাকায়। ধনী পরিবারে বেড়ে ওঠা ইতি হচ্ছে বাবা-মায়ের একমাত্র সন্তান। পরিবার থেকে বিয়ে ঠিক করা হলেও যে কোনও উপায়ে বিয়েটা ভেঙে দেওয়া তার প্রধান কাজ। সোজাসাপ্টা কথা- সে বিয়েই করবে না।

এভাবে চলতে থাকা ইতি একদিন ভুল করে তাদের কলোনিতে আসা নতুন ভাড়াটিয়া শ্রাবণকে ভীষণ মার দেয়। তবে কিছুদিনের মধ্যেই জানতে পারে, ভুল মানুষকে মেরেছে সে ও তার দল। শ্রাবণ আসলে খুবই নম্র, ভদ্র একটি ছেলে। ব্যাপারটা ইতির মনকে প্রশ্নবিদ্ধ করে। ধীরে ধীরে বদলে যেতে থাকে মাস্তান ইতির অগ্নিরূপ।

এমন একটি ব্যতিক্রম গল্প দিয়ে নির্মিত হলো থ্রি সিক্সটি প্রযোজিত ও রানী গুড়া মশলা নিবেদিত বিশেষ নাটক ‘প্রেমহীন প্রেমিকা’। কুদরত উল্লাহ’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। এতে ইতি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও শ্রাবণ চরিত্রে ইরফান সাজ্জাদ।

নাটকটি নিয়ে তানজিন তিশা বলেন, ‘বহুদিন পর এমন একটি চরিত্রে অভিনয় করলাম, যে চরিত্রটিকে ভালোবেসে ফেলেছি। এখানে নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হয়েছে। আমাকে যারা ভিন্ন চরিত্রে দেখতে চান, তারা নাটকটি দেখলে মজা পাবেন।’

নাটকটি প্রচার হবে মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভির পর্দায়।