ছবি ভালো কিন্তু দর্শক নেই
প্রচারেই প্রসার। এই কথাকে মেনেই চলচ্চিত্র নির্মাতারা কিংবা অভিনেতা-অভিনেত্রীরা ছবি মুক্তির আগে প্রচারণা চালিয়ে যান। গত শুক্রবার মুক্তি পেয়েছে দুটি ছবি শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’। প্রথম ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তুমি আছো হৃদয়ে খ্যাত কায়েস আরজু ও পরীমনি এবং আরেক ছবিতে বিদ্যা সিনহা মিম ও আঁচলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী।
বিপিএল খেলার চূড়ান্ত ম্যাচ ও বাণিজ্য মেলার শেষ দিন বলে ছবি মুক্তির প্রথম দিন তেমন একটা দর্শক হয় নি সিনেমা হলগুলোতে। রাজধানীর কয়েকটি হল ঘুরে দেখা যায় নি খুব একটা দর্শক। কিছু কিছু হলে মোটামুটি দর্শক থাকলেও সেটা হল মালিকদের আশার চেয়ে অনেকটা কম। তবে এদের মধ্যে যে কয়েকজনই ছবি দেখেছেন সবাই ছবির প্রশংসা করছেন। হাসি, আনন্দ, কমেডি, ভালোবাসা সব মিলিয়ে বিনোদিত হচ্ছেন তারা।
রাজধানীর শ্যামলী হলে চলছে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি। দর্শকদের আনাগোনা অনেক কম। প্রতি শোতে ১৫-২০ জন কিংবা ২০-২৫ জনের বেশি দেখা মেলে নি। তবে যারা ছবি দেখেছেন তারা হাসি মুখে হল থেকে বের হচ্ছেন। প্রশংসা করছেন ছবির। এই বিষয়ে শ্যামলী হলের ম্যানেজার আহসান উল্লাহ হাবিব বলেন, ভালো ছবি ছাড়া দর্শক হলে আসে না। ছবিটা ভালো কিন্তু দর্শক নেই তেমন। বিপিএল খেলা, বাণিজ্য মেলা এগুলোর জন্য হয়তো অনেকেই আসে নি কিন্তু তারপর অনান্য সময় ভালো দর্শক হয়। তবে যে কয়েকজনই ছবি দেখেছেন তারা ভালোই বলছেন ছবিটি নিয়ে।
চিত্রনায়ক আরজু বলেন, আলহামদুলিল্লাহ! ছবিটির জন্য ভালো সাড়া পাচ্ছি। দর্শক কম হলেও যারা ছবি দেখছেন তারা সবাই ছবিটির প্রশংসা করছেন। এটাই প্রাপ্তি।
অন্যদিকে চম্পাকলিতে চলছে ‘দাগ হৃদয়ে’ ছবিটি। মুক্তির প্রথম দিনে দর্শক তেমন না হলেও ভালোই চলেছে ছবিটি। এরইমধ্যে দুইটা শো হাউজফুলও গিয়েছে। রোমান্টিক ভালোবাসার এই ছবিটি দর্শক দেখছেন। তবে আশানূরূপ দর্শক হচ্ছে না।
চিত্রনায়ক বাপ্পী বলেন, ছবিটি দেখতে পারি নি এখনও। তবে ছবিটির জন্য সাড়া পাচ্ছি। খোঁজ খবর নিয়েছি ভালো রেসপন্স আসছে। কিছু হলেও হাউজফুল শো গিয়েছে। আশা করছি সামনে আরও দর্শক বাড়বে।
ছবি দুটি মুক্তি পেলেও এর আগে ছবির প্রচারণায় দেখা যায় নি দুই ছবির কোন নায়িকাকেই। নিজেদের ব্যস্ততার কথা বলে কোনরকম প্রচারণায় ছিলেন না পরীমনি, মিম কিংবা আঁচল। তবে নায়িকা ছাড়াই প্রচারণায় ছিলেন দুই ছবির নায়ক কায়েস আরজু ও বাপ্পী। মুক্তির পর ছবি দুটো ভাল সাড়া পাওয়ায় সম্প্রতি প্রচারণা করছেন ছবি দুটির নায়িকা।
এ বিষয়ে ‘দাগ হৃদয়ে’ ছবির এক নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, ছবির শুটিং এর জন্য ব্যস্ত থাকায় এই ছবিটির প্রচারণায় অংশ নিতে পারি নি। এখন ফ্রি হয়েছি, প্রচারণা করছি। এখন পর্যন্ত ছবিটির জন্য ভালো সাড়া পাচ্ছি। এখনও ছবিটি দেখা হয় নি আমার, তবে শিগগিরই ছবিটি দেখতে যাবো।


