নতুন বছরে নতুন সিদ্ধান্ত নিলেন বিদ্যা সিনহা মিম!
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই দেখে শুনে পা ফেলেন। ছবির গল্প পুরোপুরি না জেনে কখনোই ছবিতে চুক্তিবদ্ধ হন না তিনি। তারউপরে ছবির পরিচালক বা নায়ক কে তা নিয়ে খুতখুতে এ নায়িকা!
তবে এবার নতুন বছরে আরেক নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর তা হলো- ভালো গল্প বেছে বেছে এখন থেকে তিনি অভিনয় করবেন। ভালো গল্প না পেলে অভিনয়ও কমিয়ে দেবেন। ষ্টারটক বিডি ডটকমকে এমনটা জানিয়েছেন মিম নিজেই। বিদ্যা সিনহা মিম বলেন, ‘ভালো কিছু গল্পের ছবিতে কাজ করব এ বছর। প্রতি বছর এমন চাওয়া থাকলেও সঠিক গল্পের দেখা পাওয়া যায় না। তবে এবার আমি ভালো কাজ ছাড়া নতুন ছবির শুটিং শুরু করতে চাই না। দরকার হলে এ বছর কম কাজ করবো।’
আগামী ৮ই ফেব্রুয়ারি মিম অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন তারেক শিকদার। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। আছেন আঁচল আখিও।
এরইমধ্যে গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ নামের একটি নতুন ছবির কাজ শেষ করেছেন তিনি। এ ছবিতে তার নায়ক আরিফিন শুভ।
ষ্টারটক বিডি ডটকমকে মিম বলেন, ‘সাপলুডু’ নামটা শুনলেই তো মনে হয় ছক্কার খেলা। তবে এখানে ব্যতিক্রম কিছু থাকছে। ছবির গল্পটা বলা নিষেধ রয়েছে। তবে দারুণ একটি গল্প।’
ওয়েব সিরিজেও নাম লিখিয়েছেন বিদ্যা সিনহা মিম বিদ্যা সিনহা মিম সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজও করেছেন। নাম ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’। পরিচালনা করেছেন অনিমেষ আইচ। ইউনিলিভারের প্রোডাকশন এটি। শিগগিরই ওয়েব সিরিজটি অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে।
যেখানে মিমকে একজন রাঁধুনি প্রতিযোগী হিসেবে দেখা যাবে। এর গল্পেও ভিন্নতা রয়েছে। একটি রাঁধুনি প্রতিযোগিতাকে ঘিরেই গল্পের শুরুটা। মূলত রান্নার প্রতিযোগী হিসেবে দর্শকরা তাকে এখানে দেখতে পাবেন। মিম অভিনীত বাংলাদেশে গত বছর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘সুলতান’। সম্প্রতি এ অভিনেত্রী থাইল্যান্ডে ‘থাই কারি’ নামে নতুন একটি ছবির কাজ করেছেন। কলকাতার এ ছবিতে মিমের বিপরীতে আছেন সোহম চক্রবর্তী।
‘থাই কারি’ নির্মাণ করেছেন কলকাতার পরিচালক অঙ্কিত আদিত্য। ছবিটি প্রযোজনা করছে গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ও আদিত্য প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।
এর আগেও ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী সোহমের সঙ্গে জুটি বেঁধে ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করেছেন।


