English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৯ ১৭:৩৯
সূত্র:

দুই ঈদেই শাকিব বুবলীর ছবি

দুই ঈদেই শাকিব বুবলীর ছবি

ঈদ উপলক্ষে বড় তারকার ভালো বাজেটের বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পায়। এবারও এর ব্যতিক্রম হবে না। আসছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে এখন থেকেই নির্মাতা ও প্রযোজকরা ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এবার দুই ঈদের উৎসবেই থাকছে আলোচিত জুটি শাকিব-বুবলীর ছবি। ঈদুল ফিতরের জন্য তাদের নিয়ে ছবি নির্মাণ করছেন পরিচালক মালেক আফসারী।   অন্যদিকে, ঈদুল আজহার জন্য নির্মাণ করবেন পরিচালক কাজী হায়াৎ। দুটি ছবিই প্রযোজনা করছেন যৌথভাবে শাকিব খান ও তার ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল।

এ বিষয়ে মোহাম্মদ ইকবাল বলেন, ‘ঈদের সময় দর্শক বড় বাজেটের ছবি দেখতে চায়। বাংলাদেশে এখন সিনেমার যে বাজার, তাতে শাকিব খান ছাড়া বড় বাজেটের ছবি নির্মাণ করলে মূলধন ফেরত পাওয়া সম্ভব নয়। দর্শকও অপেক্ষায় থাকেন তার ছবি দেখার জন্য। আগামী দুই ঈদকে লক্ষ্য করে আমরা শাকিব খানকে নিয়ে দুটি চলচ্চিত্র নির্মাণ করছি। আর এ দুই ছবিতেই নায়িকা হিসেবে থাকছেন শবনম বুবলী। এটা চূড়ান্ত।’

আগামী মাসে একটি ছবির শুটিং শুরু হবে জানিয়ে ইকবাল বলেন, ‘ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শাকিব-বুবলীকে নিয়ে ঢাকায় শুরু করছি নতুন ছবির শুটিং। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন পরিচালক মালেক আফসারী।’

অন্যদিকে, একই জুটিকে নিয়ে ‘বীর’ নির্মাণ করবেন কাজী হায়াৎ। এ বিষয়ে ইকবাল বলেন, ‘আমেরিকায় কাজী হায়াৎ ভাই এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসার কথা রয়েছে তার।’