English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৯ ১৩:০৭
সূত্র:

সুন্দরীতমায় রোশান ও অধরা

সুন্দরীতমায় রোশান ও অধরা

কিছুদিন আগে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এসময়ের অভিনেতা রোশান। ছবির নাম ‘সুন্দরীতমা’। এএস সিনেমার ব্যানারে নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করছেন যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান।

ছবির নায়ককে একটি অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিবদ্ধ করেছিলেন পরিচালকদ্বয়। তখন নায়িকা হিসেবে নতুন কাউকে নেয়া হবে বলে জানিয়েছিলেন। কিন্তু শেষাবধি তারা সিদ্ধান্ত পরিবর্তন করে নায়িকা হিসেবে অধরা খানকে চূড়ান্ত করেছেন। শিগগিরই তাকে চুক্তিবদ্ধ করবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘আমরা প্রথমে একজন নতুন নায়িকার কথা ভেবেছিলাম। তার সঙ্গে কথাও বলেছি; কিন্তু শুটিংয়ের সময় সংক্রান্ত ঝামেলায় সিদ্ধান্ত বদল করে পুরনো কাউকে নিয়ে কাজ করার চিন্তা করি। সে চিন্তা থেকেই অধরাকে নিয়ে ভাবা। তাছাড়া তাকে নিয়ে আগেও আমরা ছবি বানিয়েছি। আশা করছি ভালো একটি প্রডাকশন হবে।’

ছবির গল্প প্রসঙ্গে পরিচালকদ্বয় বলেন, ‘এখন দর্শক পুরোপুরি কমার্শিয়াল ছবি নিতে চাইছেন না। তারা ভিন্ন টাইপের কিছু চাইছেন। তাই আমরাও চিন্তা করেছি পুরোপুরি কমার্শিয়াল ঘরানা থেকে বের হয়ে কিছুটা ফ্যামিলি ড্রামা ঘরানার ছবি বানাব। অবশ্য কমার্শিয়াল ভাবগাম্ভীর্য থাকবে।’

ছবিতে গান থাকবে তিনটি। শিগগিরই গানগুলোর রেকর্ডিং সম্পন্ন করা হবে বলে জানা গেছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মহরত করে আগামী মার্চের শুরুতে এ ছবির শুটিং শুরু করবেন বলে পরিচালকদ্বয় জানিয়েছেন।