English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৯ ১৮:০৫
সূত্র:

সালমান আমার সঙ্গে প্রতারণা করেছে: জেসিয়া

সালমান আমার সঙ্গে প্রতারণা করেছে: জেসিয়া

মিস ওয়ার্ল্ড জেসিয়া ও ইউটিউবার সালমান মুক্তাদিরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে দেখা যায়, জেসিয়া ইসলাম মধ্যরাতে প্রেমিক সালমান মুক্তাদিরের বাড়িতে যান। এসময় নিরাপত্তারক্ষীদের দরজা খুলতে বললে তারা সেটি খুলেন না। এরপরই জোরে জোরে দরজা পেটাতে শুরু করে জেসিয়া। এক পর্যায়ে নিচে নেমে আসে সালমানের মা। তাকে দরজা খুলতে বলা হলে তিনিও সেটি খুলেন না। এরপর ইট দিয়ে ভাঙচুর শুরু করেন জেসিয়া। এমনকি অশালীন ভাষায় গালিগালাজ করতে শোনা যায় তাকে।

মধ্যরাতে প্রেমিকের বাড়িতে গিয়ে এমন কাণ্ড ঘটানোর বিষয়ে মুখ খুললেন জেসিয়া ইসলাম। তিনি বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্কের বয়স দেড় বছরের। কিছুদিন ধরে সে আমার কাছে কিছু বিষয় লুকাচ্ছিল। আর সেদিন আমার সঙ্গে সালমান একটা বিষয়ে মিথ্যা বলে, বিষয়টি বুঝতে পেরে আমি ওর বাসায় যেতে বাধ্য হই। সে ভাবতে পারেনি, এতো রাতে আমি যাব। কিন্তু আমার আর কোনো উপায় ছিল না।’

বাড়ির প্রধান ফটকে ধাক্কা ও ইট ছুড়ে কাচ ভাঙার কারণ প্রসঙ্গে জানতে চাইলে জেসিয়া বলেন, ‘আমি তো শুরুতে এমনটা করিনি। আমি যখন সালমানের বাড়ি যাই তখন রাত দুইটার কাছাকাছি। প্রথমে কলিংবেল দিয়েছিলাম। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করি। কোনোভাবেই কেউ আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান ফটক খোলার অনুরোধ করলেও গ্যারেজে থাকা তার পরিবারের কেউ তা করেনি। সালমান ও তার পরিবারের লোকজন আমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করেছে। আমি ভেবেছিলাম, জোরে নক করলে হয়তো তারা গেট খুলবে। আমাকে দু্ই ঘণ্টার মতো বাইরে দাঁড় করিয়ে রাখে।’

মিরপুর ডিওএইচএসের বাড়িতে গভীর রাতে গিয়ে ভাঙচুর ও চিৎকার করার কারণে জেসিয়ার মায়ের সঙ্গে কথা বলেন সালমান মুক্তাদিরের মা। জেসিয়া বলেন, সালমান আমার বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। আমার সম্পর্ককে অসম্মান করেছে, অমর্যাদা দিয়েছে। আমার মা-ও তাই জানিয়ে দিয়েছে।’

তবে এতো সবের পরও ঘটনার বিষয়ে সালমান মুক্তাদিরের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে সালমান মুক্তাদিরের মা বলেন, ‘জেসিয়া আমার ছেলের ভালো বন্ধু এমনটাই জানতাম। আমাদের বাসায় যাওয়া–আসা ছিল। কিন্তু হঠাৎ সেদিনের আচরণ আমাদের কাছে ছিল একেবারে অচেনা। আমার ছেলে সালমান ও মেয়ের বন্ধুরা টেলিভিশন দেখছিল। হঠাৎ জেসিয়ার শব্দ শুনি। এতো রাতে তার আসার খবরে ঘাবড়ে যাই। এভাবে কোনো মেয়ে ভাঙচুর করতে পারে না। আমরা ভালো দেখে হয়তো বিষয়টাতে বেশি জটিলতা করিনি। চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারতাম।’

সালমান মুক্তাদিরের সঙ্গে দেড় বছরের প্রেমের সম্পর্ক একটা বড় শিক্ষা বলে মনে করছেন জেসিয়া। তিনি বলেন, ‘এই অধ্যায় আপাতত বন্ধ। আমি এখন থেকে কাজ নিয়ে থাকতে চাই।’

উল্লেখ্য, ২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ বিজয়ী হয়েছিলেন জেসিয়া ইসলাম। পরে শুরুর দিকে মিস ওয়ার্ল্ডের মূল প্রতিযোগিতায় সেরা ৪০-এ ঠাঁই পেয়েছিলেন তিনি।