English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৯ ১১:৪৩
সূত্র:

ডকুমেন্টারি ফিল্মে শাবনূর

ডকুমেন্টারি ফিল্মে শাবনূর

নব্বই দশকের তারকা অভিনেত্রী শাবনূর। যিনি সমকালীন সময়ে দাপটের সঙ্গে অভিনয় করে অন্যান্য অনেকের চেয়ে ছিলেন এগিয়ে। আজও একজন শাবনূরের নাম শুনলে দর্শকদের ভীড় জমে যায় যে কোন জায়গায়।

নতুন খবর হলো, এবার চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন অভিনেত্রী শাহনূর। সম্প্রতি শাবনূরের জন্মদিনে এ ঘোষণা দেওয়া হয়। সিনেমায় শাবনূর শাহনূরের সিনিয়র হলেও দু'জনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের। জন্মদিনের ঘরোয়া আয়োজনেই তথ্যচিত্র নির্মাণের বিষয়টি শাবনূরকে অবহিত করেন শাহনূর। বান্ধবীর এমন উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবনূর।

শাহনূর বলেন, 'শাবনূর আমার প্রিয় বান্ধবী, একজন প্রিয় অভিনেত্রী ও প্রিয় মানুষ। সিনেমায় তার অভিনয়ের পঁচিশ বছর চলছে, তাই তার সাফল্যের পথচলাকে কেন্দ্র করে আমি একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছি। এতে শাবনূর সম্মতিও দিয়েছেন। এখন তার দীর্ঘ পঁচিশ বছরের নানান বিষয় নিয়ে গবেষণার কাজ চলছে। আশা করছি খুব শিগগিরই তথ্যচিত্রটি নির্মাণ শুরু করতে পারব।'

এ বিষয়ে শাবনূর বলেন, 'অভিনয় জীবনের পথচলায় আমার অনেক অর্জন, অনেক প্রাপ্তি। দর্শকের ভালোবাসায় আমি আজকের শাবনূর। শাহনূর আমার খুব ভালো একজন বন্ধু। সে যদি যথাযথভাবে তথ্যচিত্রটি নির্মাণ করতে পারে, তবে সেটার জন্য আমার সাপোর্ট থাকবে।'

এ তথ্যচিত্র নির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করবেন নির্মাতা তাজু কামরুল। সেইসঙ্গে চলচ্চিত্রাঙ্গনের অনেক তারকা, পরিচালকসহ আরও অনেকেই শাবনূরকে নিয়ে এই তথ্যচিত্র নির্মাণে শাহনূরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বড় কোনো আয়োজনের মধ্য দিয়ে তথ্যচিত্রটির প্রথম প্রদর্শনী হবে। তবে সেটা শাবনূরের আগামী জন্মদিনেও তা হতে পারে বলে জানান শাহনূর।