English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৬
সূত্র:

নাবিলার ফেরা

নাবিলার ফেরা

বিয়ে আর হানিমুনের আনন্দময় সময় পেরিয়ে নাবিলা ফিরেছেন নাটকের সেটে। তাও প্রায় তিন মাস পর। দুদিন আগে শুটিং করেছেন ‘মন মন্দিরে’ নামের ওয়েব নাটকের।   জানালেন, আরও একটি নাটক নিয়ে ফিরছেন তিনি। সেটি জানার আগে জেনে নেওয়া যাক, ‘মন মন্দিরে’ প্রসঙ্গে। ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপের জন্য নির্মিত এ কাজটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।

এতে নাবিলার বিপরীতে আছেন মনোজ প্রামাণিক। নাবিলা জানান, ‘সংসার’ নাটকের পর এটি নির্মাতা আরিয়ানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। আরও বললেন, ‘সহশিল্পী হিসেবে মনোজ প্রামাণিকের সঙ্গেও এটি আমার দ্বিতীয় কাজ।’

এর আগে তারা দুজন এক হয়ে কাজ করেছেন ‘কথা হবে তো’ নাটকে। ‘মন মন্দিরে’ অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, ‘জানেন সবাই, আমি নাটকে খুব একটা কাজ করি না। যতটুকু পারি উপস্থাপনায় সময় দিই। তবে এ নাটকের গল্প পড়ে খুবই ভালো লেগেছে। তা ছাড়া আরিয়ানের নাটকে ভিন্ন কিছু করার সুযোগ থাকে। তাই করেছি কাজটি। নাটকটির গল্পে দেখা যাবে, ধর্মীয় ক্রাইসিসের মধ্যে অন্য এক ভালোবাসার গল্প।’

এদিকে নির্মাতা আরিয়ান জানান, ‘মন মন্দিরে’র জন্য এর মধ্যে তৈরি করেছেন একটি বিশেষ গান। সোমেশ্বর অলির কথায়, সাজিদ সরকারের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল।

নাটকটি বায়োস্কোপে মুক্তি পাবে শিগগিরই আর গানটি প্রকাশ পাবে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে।