English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:১৯
সূত্র:

মিছিলে-শ্লোগানে রাজপথে চিত্রনায়ক নিরব

মিছিলে-শ্লোগানে রাজপথে চিত্রনায়ক নিরব

মিছিল নিয়ে রাজপথে নেমেছেন চিত্রনায়ক নিরব। তার গলায় ফুলের মালা। তিনি নেচে গেয়ে অভিনন্দন জানাচ্ছেন রহমান ভাইকে। এলাকাবাসীর প্রিয় নেতা রহমান ভাই মোরগ মার্কায় কমিশনার পদে নির্বাচন করে বিপুল ভোটে জয় লাভ করেছেন।   বলছিলাম আপকামিং সিনেমা 'আব্বাস'র দৃশ্যের কথা। রাজধানীর সূত্রাপুরে বর্তমানে এর শুটিং চলছে বলে জানিয়েছেন চিত্রনায়ক নিরব। সাঈফ চন্দন পরিচালিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এতে নেতা রহমান ভাই চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জয়রাজকে।

নিরব জানান, চমৎকার গল্পে বিনোদনে ভরপুর একটি সিনেমা হবে 'আব্বাস'। পরিচালক যত্ন নিয়ে ছবিটি তৈরি করছেন। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, প্রেম, রাজনীতি, সমাজের অবক্ষয়ের চিত্র ফুটে উঠবে এখানে।

তিনি আরও বলেন, এতে আমি একজন দুর্ধর্ষ মাস্তান। আমার গুরু রহমান ভাই চরিত্রে আছেন জয়রাজ ভাই। তিনি এলাকার ডন। তার ক্ষমতার ছায়াতেই এলাকার ত্রাস হয়ে উঠি আমি।

ছবিতে দেখা যাবে রহমান ভাই কমিশনার পদে জিতেছেন। তার বিজয়ে আনন্দ মিছিল করছি আমরা তার সাঙ্গপাঙ্গরা। সেই দৃশ্যই আজ চিত্রায়িত হচ্ছে। এদিকে ছবির নির্মাতা সাঈফ চন্দন বলেন, আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে শুটিং। বাকি কাজ গুছিয়ে আগামী বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি দিতে পারবো।

'আব্বাস' ছবিতে জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাকে দেখা যাবে নায়ক নিরবের বিপরীতে।