English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ২৩:৩৫
সূত্র:

ফের প্রশংসিত সিয়াম-পূজা

ফের প্রশংসিত সিয়াম-পূজা

চলতি বছরের অন্যতম আলোচিত ছবি তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত 'দহন' ছবিটি। এই ছবির মাধ্যমেই দ্বিতীয় বারের মতো জুটি বেঁধেছেন সিয়াম ও পূজা। শুক্রবার (৩০ নভেম্বর) ছবিটি সারা দেশের অর্ধ শতাধিক হলে মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির পর থেকেই বেশ প্রশংসিত হচ্ছে, পাশাপাশি সিয়ম ও পূজার অভিনয়ে মুগ্ধ দর্শক ।

সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। পাশাপাশি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা হলসহ অন্যান্য হল গুলোর টিকিটও বিক্রি হয়েছে অগ্রিম মুক্তির প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বেশ সাড়া ফেলেছে দহন। আর প্রথম দিনের মতো শনিবারও টিকেট না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেক দর্শককে। সিনেমাটির সংশ্লিষ্টরা দাবি করছেন, গেল দুদিনের মতো সামনের দিনগুলোতেও 'দহন'র শো হবে হাউজফুল।

ছবিটি নিয়ে বেশ আশাবাদী চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। নায়ক ওমর সানি বলেন, 'সিয়াম-পূজা জুটির প্রথম ছবি হিট। আর এই ছবিটিও হিট হবে। আর এই জুটি সামনে অনেক দূর যাবে। হল মালিকদের কাছে আমার অনুরোধ আপনারা এক মাসের আগে হল থেকে এই ছবি নামাবেন না।'

'দহন' সিনেমাটিতে মাদকাসক্ত যুবকের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। আর পূজা গার্মেন্টস কর্মী এবং মম সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় নির্মিত ছবিটিতে সিয়াম-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।