নির্বাচনে জিতলে কী করবেন ডিপজল?
সিনেমার মতোই ব্যক্তি জীবনেও অভিজাত জনপ্রিয় অভিনেতা ডিপজল। ১৯৯৪ সালে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি তখন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। সিনেমা পাড়াতেও বেশ দাপুটে অভিনেতা ছিলেন তখন। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক রাজনীতিকের মতো বিপাকে পড়েন ডিপজল। এ সময় কারাগারেও যেতে হয় তাকে।
পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন ডিপজল। বিএনপির কোনো রাজনৈতিক সভা-সেমিনারে দীর্ঘকাল দেখা যায়নি তাকে। সিনেমাতেও অভিনয় করেননি অনেক দিন। সর্বশেষ ২০১৫ সালের এপ্রিলের শুরুতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রকাশ্যে আসেন ডিপজল।
এবার ঢাকা-১৪(মিরপুর)আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। তবে কোন লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চাইছেন, জনগণের জন্যই বা তিনি কতটুকু কাজ করবেন বিষয়গুলো জানতে চাইলে এই অভিনেতা স্পষ্ট করে কিছু বলেননি।
নির্বাচনের প্রস্তুতি কেমন চলছে? এমন প্রশ্নের জবাবে ডিপজলের সাবলীল উত্তর ভালো চলছে । প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছেন তিনি।
হঠাৎ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী হলেন কেন? এমন প্রশ্নের জবাবে উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে বলেন,আগ্রহী তো আগ্রহীই-এর কী কোনো কারণ থাকে? নির্বাচনে অংশ নিতেই তো মনোনয়নপত্র কিনেছেন।
জনগণের জন্য কী কী কাজ করবেন বিষয়গুলো জানতে চাইলে ডিপজল বলেন,আমি জনগণের জন্য কাজ করতে নির্বাচনে আসতে চাচ্ছি। মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়লাভ করলে প্রথম কোন কাজটি করবেন? ডিপজল এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি।


