সাবধান করলেন মেহজাবিন
সামাজিক মাধ্যম ফেসবুকে ‘মেহজাবিন চৌধুরী’ লিখে খোঁজ করলে অসংখ্য আইডি ও পেজ দেখা যায়। অনেক সময় এগুলো গুণে শেষ করা যায় না। মেহজাবিনের ফ্যান-ফলোয়ার্স যারা আছেন, তারা মাঝেমধ্যে এ নিয়ে বিভ্রান্তিতে পড়েন। কোনটা আসল আর কোনটা ভুয়া বুঝে উঠতে পারেন না।
মেহজাবিন নিজেও এসব ভুয়া আইডি নিয়ে বিভ্রান্তিতে পড়েন! কারণ, তার নামে চালু এসব ভুয়া ফেসবুক থেকে অনেকসময় প্রতারণা করা হচ্ছে। সেগুলোর সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয় এই লাক্সতারকা। সে জন্য ভুয়া আইডি থেকে দূরে থাকার জন্য সাবধান করে দিলেন মেহজাবিন। তিনি জানান, দয়া করে ফেক আইডি থেকে সবাই সাবধান থাকবেন।
মেহজাবিন বলেন, ‘এই আইডি ব্যবহারকারীরা আমার নামে ফেক আইডি খুলে টাকা ও আর্থিক সাহায্য চাইছে। এদের থেকে সাবধান হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এমন মেসেজ পেলে আমাকে জানাবেন কিংবা রিপোর্ট করবেন।’
তিনি বলেন, ‘আমার একটি নিজস্ব ফেসবুক আইডি আছে যেটি ফেসবুক কর্তৃপক্ষ থেকে স্বীকৃত (ভেরিফায়েড)। ওই আইডির ফলোয়ার্স পাঁচ লাখ পঞ্চাশ হাজারের বেশি। এ ছাড়া একটি ফ্যান পেজ রয়েছে সেখানে তিন লাখ পঁচাশি হাজারের মতো।
শুধু এই দুটি আমি নিয়ন্ত্রণ করি। এ ছাড়া ফেসবুকে বাকি যত আইডি রয়েছে সবগুলোই ভুয়া। ওইসব ভুয়া আইডি ও পেজের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’
২০০৯ সালে লাক্স ‘চ্যানেল আই সুপারস্টার’ থেকে বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন মেহজাবিন চৌধুরী। এরপর থেকে মডেলিং, বিজ্ঞাপন, নাচ ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। প্রায় দশ বছরের ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে নিজেকে তুলে ধরে পরিণত হয়েছেন মেহজাবিন।
ছোটপর্দায় তিনি পেয়েছেন দারুণ সাফল্য। বিশেষ করে গত বছরের অন্যতম আলোচিত নাটক মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’-তে অভিনয় করে তুমুল আলোচিত হয়েছিলেন মেহজাবিন চৌধুরী।


