English Version
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮ ১৯:৪৬

দেবীতে দর্শকের আগ্রহ দেখে আমি মুগ্ধ

অনলাইন ডেস্ক
দেবীতে দর্শকের আগ্রহ দেখে আমি মুগ্ধ

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা ও কলকাতায় রয়েছে তার সমান জনপ্রিয়তা।

দীর্ঘ প্রতীক্ষার পর তার অভিনীত ‘দেবী’ ছবিটি ১৯ অক্টোবর মুক্তি পায়। ছবিটি নিয়ে তার উচ্ছ্বাসও অনেক বেশি।

এ ছবি, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* যুগান্তর: দেবী নিয়ে দর্শকের আগ্রহ কেমন দেখছেন?

** জয়া: অনেক আগ্রহ দেখছি। দেবীকে পাঠক চেনেন আগে থেকেই। রানু চরিত্রটি সম্পর্কেও তারা জানেন। কিন্তু দেবী মুক্তির পর পাঠকরা দর্শক হিসেবে দেবীর সব চরিত্র দেখতে পেয়েছেন। আমি ভাবতেও পারিনি দর্শক এভাবে রেসপন্স করবে।

* যুগান্তর: হুমায়ূন আহমেদের দেবী উপন্যাসে রানুর বয়স ছিল ১৭ বছর। এ চরিত্রটি কীভাবে নিজের ভেতর ধারণ করলেন?

** জয়া: একজন অভিনেত্রীকে যে চরিত্র দেয়া হয়, সাহসী এবং উদ্যমী হলে তার ভেতরে সে চরিত্রটি ধরা দেয়, এটি আমার বিশ্বাস। আর যে কোনো চরিত্রই আমার কাছে চ্যালেঞ্জিং। আমি যত্নসহকারে চরিত্রগুলোতে কাজ করে থাকি। রানু চরিত্রটিও ছিল আমার কাছে কঠিন পরীক্ষার মতো। অনেক চর্চার মাধ্যমে রানুকে ধারণ করেছি। কতটা পেরেছি তা দর্শক বলতে পারবেন।

* যুগান্তর: দেবী মুক্তির পর কী উপলব্ধি করেছেন?

** জয়া: অনেকেই বলেন সিনেমাহলে দর্শক নেই। দর্শক ছবি দেখে না। বিষয়টি কে কীভাবে নেয় আমার জানা নেই। আসলে ভালো ছবি থাকলে সিনেমাহলে দর্শক যাবেনই, দেবীই তার প্রমাণ। মুক্তির দিনই মনে হল পুরনো দিনে ফিরে গেছি। দেবী দেখার পর দর্শকদের বাড়তি উত্তেজনা আমাকে মুগ্ধ করেছে।

* যুগান্তর: আপনি তো ঢাকা ও কলকাতায় সমানভাবে জনপ্রিয়। কলকাতার ছবিতে অভিনয়ের খবর কী?

** জয়া: কিছুদিন আগে ‘এক যে ছিল রাজা’ নামে একটি ছবি রিলিজ হল। ওখানে এটি বেশ জনপ্রিয় এবং ব্যবসাসফল হয়েছে। নভেম্বরে ‘বিজয়া’ নামে একটি ছবির শুটিং শুরু হবে। তারপর ‘কণ্ঠ’ নামে আরেকটি ছবির কাজ শুরু করব। বাংলাদেশেও কয়েকটি ছবিতে কাজ করার কথা চলছে। দর্শক সামনে সুখবর পাবেন।

* যুগান্তর: প্রযোজনা নিয়ে আপনার তিক্ত অভিজ্ঞতার কথা বলেছিলেন...

** জয়া: তিক্ততা নয়, আসলে দেবীর জন্য অনেক প্রযোজকের কাছে গিয়েছিলাম। নতুন পরিচালক বলে অনেকেই অনেক কথা বলেছেন। কেউ বিশ্বাস রাখতে পারেননি। দেবী হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখন খুবই মুগ্ধ দেবীতে দর্শকদের আগ্রহ দেখে।

* যুগান্তর: নতুন অভিনয় শিল্পীদের প্রতি আপনার পরামর্শ কী?

** জয়া: ভালো অভিনয় করতে হলে অভিনয়কে ভালোবাসতে হবে। কাজের স্বীকৃতি দর্শকরা দেবেন। নিজেই তারকা হওয়ার জন্য অভিনয়ে আসার কোনো মানে হয় না। সার্বজনীন কথা, অভিনয়কে ভালোবাসতে হবে। তবেই অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।