সিনেমার জন্য ইরান গেলেন অনন্ত জলিল
চিত্রনায়ক অনন্ত জলিল এক সময় আলোচিত ছিলেন। পরপর কয়েকটি সিনেমা উপহার দিয়ে আলোচনায় আসেন তিন। অবশ্য তাকে নিয়ে হাসাহাসিও কম হয়নি। পেশায় ব্যবসায়ী এ নায়ক অনেক দিন চলচ্চিত্র জগতে নেই। তাবলীগ জামায়াতের সাথেও দেখা গেছে তাকে।
অনেকেই মনে করেছিলেন অনন্ত হয়তো চিরতরে চলচ্চিত্র ছেড়ে গেলেন। কিন্তু ভেতরে ভেতরে ঠিকই নিচ্ছিলেন ফিরে আসার প্রস্তুতি। নিজেকে তৈরি করতে শারীরিক ব্যায়াম, মারপিটের রিহার্সালও করছেন এরই ফাঁকে। খুব শিগগিরই তিনি ফিরছেন ‘দিন – দ্য ডে’ নামের নতুন সিনেমা দিয়ে।
প্রায় বিশ কোটি টাকা বাজেটের এই ছবিটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। অনন্ত’র সঙ্গে এর প্রযোজনায় থাকছে ইরানি সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশন। এরইমধ্যে শেষ হয়েছে চিত্রনাট্যের কাজ।
খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং। এখন চলছে শিল্পী নির্বাচন প্রক্রিয়া। অনন্ত জানিয়েছিলেন, বাংলাদেশ ও ইরানের তারকা শিল্পীরা কাজ করবেন এই সিনেমায়। বাংলাদেশ থেকে থাকছেন অনন্ত ও বর্ষা। থাকবেন, অনন্ত’র আয়োজনে ট্যালেন্ট হান্টের শিল্পীরাও।
ইরানের শিল্পী নির্বাচন করতে শনিবার (১৩ অক্টোবর) সকালে দেশ ছেড়েছেন এই নায়ক। সঙ্গে নিয়ে গেছেন চিত্রনাট্য। ইরানের প্রযোজকের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন শিল্পী তালিকা।
অনন্ত জানান, আনুমানিক তিনদিনের জন্য এই সফর। তিনি বলেন, ‘ঢাকায় ফিরেই বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবো। খুব দ্রুতই শুটিং শুরু করতে চাই। আমাদের প্রস্তুতি সব শেষের দিকে। আশা করছি দর্শকদের জমজমাট একটি মুভি উপহার দিতে পারবো।’
ছবির চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ। ইসলামিক ভাবনায় নির্মিত হবে ‘দিন- দ্য ডে’ ছবিটি। সন্ত্রাস, অপপ্রচারকে ঘিরে ইসলাম নিয়ে মানুষের নেতিবাচক ধারণাকে বদলে দেবে এই চলচ্চিত্রটি।
এখনো পরিচালক নিশ্চিত হয়নি। অনন্ত জলিলের ইরানের এই সফরে নিশ্চিত হবে চলচ্চিত্রটির পরিচালকের নাম।


