দেরিতে হলেও ‘নিষিদ্ধ’ সারিকার বোধোদয়
সরি, পাঁচ অক্ষরের একটা শব্দ। সবার কাছে আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি- পরিবার, বন্ধু, সহকর্মী, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে। কখনো যদি জেনে বা না জেনে এতটুকু আঘাত করে থাকি, অনুগ্রহ করে ক্ষমা করবেন।- ফেসবুক পোস্টে এভাবেই সবার কাছে ক্ষমা চাইলেন অ-শিল্পীসুলভ আচরণের শাস্তি হিসেবে ছয় মাসের জন্য নিষিদ্ধ মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। নাটকের শিডিউল প্রদান ও অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরও শুটিংয়ে অংশ না নেওয়ায় অভিনয় শিল্পী সংঘের সদস্য সারিকাকে গত ২৮ জুলাই ছয় মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। নিষিদ্ধের ওই আদেশ কার্যকর হয় ১ আগস্ট থেকে। প্রায় দুই মাস চুপ থাকলেও অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন নায়িকা। সম্প্রতি হুট করেই ক্ষমাপ্রার্থনা করে ফেসবুক পাতায় নিজের সাফাই গেয়ে পোস্ট দেন সারিকা।
সারিকা লেখেন, গত কয়েক মাস আমার জীবনে কঠিন সময় গেছে। সামলে নিতে সময় লেগেছে। আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য প্রস্তুত করছিলাম। আগামী সপ্তাহ থেকে সে স্কুলে যাবে। এরপর আবার হয়তো নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করতে পারব। আমার চারপাশের কঠিন পরিস্থিতি ও শারীরিক সমস্যার কারণে কিছু জটিলতায় ভুগছিলাম। তবে এটাও মানছি, সব তা না। নিজের ব্যাপারেও সতর্ক ছিলাম না। ভুলত্রুটি যতটুকু পারি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ শেখার না আছে শেষ, না আছে বয়স। আজ না হয় পুরনো কষ্ট মুছে ফেলে নতুন করে শুরু করি সব। আমরা সবাই এক।’
চলতি বছরের ২১ মার্চ দুটি নাটকের শুটিংয়ে অংশ নিতে সারিকার নেপাল যাওয়ার কথা ছিল। চিত্রনাট্য বুঝে নিয়ে তিনি শিডিউল দেন। পাশাপাশি নির্মাতার কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক বাবদ ৫০ হাজার টাকাও নেন। সেই সঙ্গে নেপাল যাতায়াতের রিটার্ন টিকেটও নেন। নেপাল যাওয়ার আগের দিন সারিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঠিক সময়ে বিমানবন্দর থাকবেন। কিন্তু এরপর উধাও হয়ে যান সারিকা। কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। বাধ্য হয়ে তাকে ছাড়াই নেপাল যায় শুটিং ইউনিট। সারিকার অনুপস্থিতির কারণে তাকে নিয়ে দুটি নাটক নির্মাণ করা সম্ভব হয়নি। এজন্য প্রযোজক বোরহান খান আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। তিনি গত ১০ এপ্রিল সারিকার বিরুদ্ধে টেলিপ্যাব বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর সারিকাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে টেলিপ্যাব। এরপর আর কোনো নাটক কিংবা বিজ্ঞাপনে দেখা যায়নি সারিকাকে। তবে চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নতুন বিজ্ঞাপনে চিত্রনায়ক ইমনের জুটি হিসেবে দেখা যাবে সারিকাকে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিজ্ঞাপন নির্মাতা আকাশ আমিন জানান, তিনি নতুন হ্যান্ড ওয়াশের বিজ্ঞাপন বানাতে যাচ্ছেন। সেই বিজ্ঞাপনের মডেল সারিকা ও ইমন। তবে নিষিদ্ধ সারিকাকে নিয়ে কীভাবে বিজ্ঞাপনচিত্র বানাবেন তা খোলাসা করেননি আকাশ।
মিডিয়ায় সারিকার যাত্রা শুরু ২০০৬ সালে, মডেলিংয়ের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে আশুতোষ সুজন পরিচালিত ক্যামেলিয়া নাটকে অভিনয়ের মাধ্যমে ২০১০ সালে অভিনয়ের জগতে পা রাখেন সারিকা।এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করতে থাকেন। সাবলীল অভিনয় উপহার দিয়ে ব্যাপক জনপ্রিয়তাও পান। কিন্তু হঠাৎ করেই ২০১৩ সালে তিনি মিডিয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমকে ভালোবেসে বিয়ে করেন সারিকা। পরের বছর তাদের মেয়ে হয়। দুই বছর মিডিয়া থেকে দূরে থেকে সংসার নিয়েই ব্যস্ত ছিলেন সারিকা। ২০১৬ সালে তিনি মিডিয়ায় ফেরেন। একই বছরের নভেম্বরে তার ডিভোর্স হয়ে যায়।


