English Version
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৫৮

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ‘জান্নাত’ ছবির প্রদর্শনী বন্ধ

অনলাইন ডেস্ক
ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ‘জান্নাত’ ছবির প্রদর্শনী বন্ধ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইমন-মাহি অভিনীত  ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সাতক্ষীরার সঙ্গীতা প্রেক্ষাগৃহে এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলা সদরের কিছু মুসল্লি ‘জান্নাত’ ছবির নাম, পোস্টারকে ইসলামবিরোধী বলে অভিযোগ করেন। তারা এটা বন্ধের দাবিতে মিছিলও করেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ছবিটির প্রদর্শনী বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বন্ধের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরার সঙ্গীতা প্রেক্ষাগৃহের সুপার ভাইজার রাসেল বলেন, শুক্রবার থেকে ছবিটি সঙ্গীতা প্রেক্ষাগৃহে প্রদর্শনীর কথা ছিল। কিন্তু স্থানীয় প্র্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সিনেমাটি প্রর্দশনী করতে নিষেধ করা করা হয়েছে। সে সেজন্য একটি শো-ও হলো না। তার আগেই নামিয়ে ফেলতে হলো।   ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমি বিস্মিত ও হতাশ হয়েছি। এ ছবিতে কিন্তু ইসলামের মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ইসলাম শান্তির ধর্ম। এতে বলা হয়েছে, আমাদের জীবনকে ইসলামের শান্তির পথে চালিত করতে হবে। এ রকম একটি চলচ্চিত্র না দেখে, না বুঝে অনুমাননির্ভর হয়ে বন্ধ করে দেয়াটা সত্যিই দুঃখজনক।

এদিকে সদর থানার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, স্থানীয় কয়েকজন অভিযোগ করেছেন, ‘জান্নাত’ ছবিটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। এতে করে বিশৃঙ্খলা ঘটতে পারে। এর আগেও এখানে একাধিকবার ধর্মীয় বিষয় নিয়ে হানাহানি হয়েছে। তাই এমন অভিযোগের ভিত্তিতে ছবিটির প্রদর্শনী বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

গেল ঈদুল আজহায় মুক্তি পায় ‘জান্নাত’। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ।  এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।