বিয়ের চিন্তা ডিপ ফ্রিজে
আপাতত প্রেমপ্রীতি কিংবা ফাজলামি মার্কা কথাবার্তায় মুঠোফোনে কিংবা আড্ডাস্থলে সময় নষ্ট করার মতো ফুরসত নেই পাওয়ার ভয়েস খ্যাত গ্ল্যামারাস ও সুকণ্ঠী গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়ার। কণ্ঠকন্যার ভাষায়, ‘এখন কাজের সময়। কয়েক বছর আগেও গানের বাজারে স্থবিরতা ছিল। এখন সেটা কেটে গেছে। প্রচুর কাজ হচ্ছে। এমন সময় প্রেমপ্রীতি বা মোবাইল ফোনে কাজের বাইরে কথা বলার মতো সময় আমার নেই, দিতেও চাই না।’
হালে মিউজিক ভিডিওকেন্দ্রিক গানে কর্ণিয়ার সাবলীল আর মুগ্ধ উপস্থাপনা তাকে মডেল হিসেবেও খ্যাতি এনে দিয়েছে। কণ্ঠের জাদুকর হিসেবে খ্যাত আসিফ আকবরের সঙ্গে চমৎকার একটি জুটিও তৈরি হয়েছে কর্ণিয়ার। এই দুই শিল্পীর জনপ্রিয় গান ‘কি করে তোকে বোঝাই’ দুই কোটি ভিউ ছুঁই ছুঁই করছে। গত জুন মাসে প্রকাশিত ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ শিরোনামের গানটি এখন তিন মিলিয়ন ভিউ পার করছে। আসিফ-কর্ণিয়ার নতুন গান আজ (৬ সেপ্টেম্বর) অবমুক্ত হবে ধ্রুব মিউজিক স্টেশনে। তরুণ মুন্সীর লেখা ও সুরে ‘আমার এলোমেলো জীবন তুমি এসে বদলে দাও’ এরই মধ্যে শ্রোতামহলে আগ্রহ তৈরি করেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে এই জুটির আরেকটি ধামাকা- ‘মেঘ বলেছে’। লেবেল কোম্পানিকেন্দ্রিক ব্যস্ততার সঙ্গে স্টেজ শো আর টিভি লাইভ নিয়ে মহা ব্যস্ত এখন কর্ণিয়া। তাই বলে প্রেম ভালোবাসাকে থোড়াই কেয়ার করবেন? হাসতে হাসতে কর্ণিয়া বলেন, আসলে আমি প্রেম করতাম। অনেক দিন হলো আমাদের ব্রেক-আপ হয়ে গেছে। আপতত ওই পথ আর মাড়াতে চাই না। বিয়ের বিষয়ে চিন্তা-ভাবনাও আপতত ডিপ ফ্রিজে রেখে দিয়েছি।
দশ বছরের ক্যারিয়ারে অনেক কিছুকে পেছনে ফেলে অনেক ঘাম ঝরিয়ে কর্ণিয়া তার মাকে উপহার দিয়েছেন একটি ফ্ল্যাট আর একটি গাড়ি। এটাই আপতত তরুণী এই গায়িকার সবচেয়ে বড় তৃপ্তি। খুব বেশি আয়েশী জীবন তার দরকার নেই। সম্মানের সঙ্গে দর্শক-শ্রোতার ভালোবাসা আর কিছু কালজয়ী গান গেয়ে যেতে চান কর্ণিয়া।


