‘আমাকে জড়ালে আলোচিত হবে, এটাই হয়তো তারা চাইছেন’
কণ্ঠশিল্পী ন্যান্সির ছোট ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে তার স্ত্রী সামিউন্নাহার শানু। মামলায় আসামী করা হয়েছে ন্যান্সিকেও।
এ বিষয়ে ন্যান্সি বলেন, ‘আমি তো আমার ভাইয়ের সংসারে থাকি না। আমি থাকি আমার সংসারে। তিনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন। তাদের ডিভোর্স হয়েছে। ডিভোর্সের আগে আমার ভাই তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন, সেটা আমি কীভাবে জানবো? কিন্তু তিনি আমাকে জড়িয়ে মামলা দিয়েছেন। কেন মামলায় আমাকে জড়ালেন সেটা সবারই জানা? মামলায় আমাকে জড়ালে আলোচিত হবে, এটাই হয়তো তারা চাইছেন।’
ন্যান্সি বলেন আরও বলেন, ‘গত ২৭ আগস্ট সানি তার স্ত্রী সামিউন্নাহার শানুকে তালাক দিয়েছেন। এই তালাকের কাগজ এরই মধ্যে শানুর হাতে পৌঁছেছে। ডিভোর্সের এতোদিন পর তিনি এ মামলা কেন করছেন জানিনা। আর স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে আমি বা আমার স্বামীর সঙ্গে সানি কোনো আলোচনা বা পরামর্শও করেনি।’
ন্যান্সি বলেন, ‘সবাই বোঝতে পারছেন কেমন মামলায় আমাকে জড়ানো হয়েছে। যেহেতু আমাকে দেশের সবাই চেনেন, জানেন, আমরা একটি পরিচিতি আছে, তাই আমাকে এই মামলায় জড়ানো হয়েছে। আমাকে জড়ানোর ফলে তারা এখন দেশের সব সংবাদমাধ্যমে গুরুত্ব পাচ্ছে। যেহেতু সব সংবাদমাধ্যমে খবর হচ্ছে, ফলে প্রশাসনও ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। আর আরেকটি ব্যাপার বেশ বুঝতে পারছি, আমাকে দেশের সবার সামনে ছোট করার জন্য, আমার ইমেজের ক্ষতি করার জন্য তারা আমাকে এই মামলায় আসামি করেছে।’
বৃহস্পতিবার রাতে সানির স্ত্রী সামিউন্নাহার শানু নেত্রকোনা মডেল থানায় এই মামলা দায়ের করেন। পরে শুক্রবার সন্ধ্যায় শহরের সাতপাই পূর্বধলা রোডের ন্যান্সি’র বাসা থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন খান জানান, সানির বিরুদ্ধে তার স্ত্রী শানু বাদী হয়ে যৌতুকের জন্য হত্যার চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এই মামলায় ন্যান্সি ও তার স্বামী নাদিমুজ্জামান যায়েদের বিরুদ্ধে নির্যাতনে উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে। পরে শুক্রবার সন্ধ্যায় সানিকে গ্রেফতার করেছে পুলিশ।


