English Version
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:২৪

সেই তিন্নি এখন কোথায়!

অনলাইন ডেস্ক
সেই তিন্নি এখন কোথায়!

ব্যক্তিগত জীবনের উত্থান-পতন, বিয়ে, বিচ্ছেদ, মিডিয়া থেকে আড়াল হওয়া, মাদকাসক্তি সব মিলিয়ে তার জীবন হয়ে উঠেছিল বিশৃঙ্খল ও বিপর্যস্ত। এরপর তাকে মাঝে নাটকে দেখা গেলেও নিয়মিত হননি আর। তিনি শ্রাবস্তী দত্ত তিন্নি। এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী। বর্তমানে মিডিয়া থেকে অনেকটা দূরে অবস্থান করছেন তিনি। বর্তমানে একমাত্র মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডার মন্ট্রিলে রয়েছেন এ অভিনেত্রী। সেখানেই বসবাস করছেন তিনি। ক্যারিয়ারের একটা পর্যায়ে শোবিজের কাজ নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী। এরপর একটা সময় ব্যক্তিজীবনে হতাশার কারণে শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। প্রবেশ করেন নেশার জগতে। এর মধ্যে আবার রিহ্যাবে গিয়েও বেশ কিছুদিন কাটাতে হয়েছে তাকে। তারপর স্বাভাবিক জীবনে ফিরে এসে আবারও টুকটাক নাটকে অভিনয় করেন। কিন্তু এরপর আরও কিছু সমস্যা তাকে গ্রাস করে। চলে যান পরবাসে। 

তিন্নি ২০০৬ সালের ২৮ ডিসেম্বর অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেন। দাম্পত্য কলহের জের ধরেই ২০০৯ সালের শেষের দিকে তিন্নি-হিল্লোল আলাদা থাকতে শুরু করেন। তার বেশ ক’বছর পর তাদের বিচ্ছেদের খবর প্রকাশ হয়। এরপর ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি আদনান হুদা সাদকে বিয়ে করেন তিন্নি। ২০১৫ সালের অক্টোবর মাসে প্রকাশ হয় তিন্নির দ্বিতীয় বিয়ের কথা। এ সংসারও তার সুখের হয়নি। বিচ্ছেদে জড়ান তিনি।

উল্লেখ্য, ‘বাংলালিংক, দেশে’র বিজ্ঞাপন দিয়ে রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয়তা পান তিন্নি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে নাটক বিজ্ঞাপনে কাজ করে নিজের অবস্থান বেশ পাকাপোক্তই করে নিয়েছিলেন। ছোট পর্দা ছাপিয়ে বড় পর্দায় জুটি বেঁধেছিলেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে।

তিন্নি বড় পর্দায় জুটি বেঁধেছিলেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘সে আমার মন কেড়েছে’ ছবিটি দিয়ে বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।

২০০৪ সালে তিন্নি মিস বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। এরপর অসংখ্যা জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক আলোচিত হন তিনি। এছাড়া নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রতে অভিনয় করেন।