English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৮ ২১:৩৭

ঈদের চূড়ান্ত হয়েছে পাঁচটি ছবি

অনলাইন ডেস্ক
ঈদের চূড়ান্ত হয়েছে পাঁচটি ছবি

যুগ যুগ ধরে ঈদ উৎসবে নতুন ছবি দেখে আনন্দে ভাসে দর্শক। এ সময় মুক্তি পায় একাধিক ছবি। কারণ খুশির এই দিনে নানা আনন্দ আয়োজনের তালিকায় যুক্ত হয় পরিবার-পরিজন নিয়ে ছবি দেখা।

আমাদের চলচ্চিত্রের শুরুতে ঈদে কমপক্ষে দুটি নতুন ছবি মুক্তি পেত। এক সময় এ সংখ্যা বেড়ে নয়টি পর্যন্ত হয়েছিল। এবার ঈদে মুক্তি পাচ্ছে পাঁচটি ছবি। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা।

ইন্টারনেটের কল্যাণে সিনেমার প্রচারণায় এসেছে বিশেষ মাত্রা। এখন ফেসবুক, ফ্যানপেজ, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও শুটিং শুরু হওয়ার আগে থেকেই প্রচারণায় সরব হয়ে ওঠেন সংশ্লিষ্টরা।

ঈদের ছবি মুক্তি উপলক্ষে রাজধানীর অলিগলির দেয়ালে এরই মধ্যে সাঁটানো শুরু হয়েছে নানা আকৃতির পোস্টার। ছবির নানা রঙের পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে কাকরাইলের প্রযোজনা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গার নির্ধারিত প্রেক্ষাগৃহগুলো।   ছবিগুলো হচ্ছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’, সাইমন সাদিক ও মাহিয়া মাহির ‘জান্নাত’, রোশান-ববির ‘বেপরোয়া’, সাইমন-অধরার ‘মাতাল’ এবং মাহি ও কলকাতার বনি অভিনীত ‘মনে রেখো’।

ক্যাপ্টেন খান

এবার শাকিব খান অভিনীত এই একটি ছবি মুক্তি পাচ্ছে। প্রযোজকের ভাষ্যে ঈদে এটিই সবচেয়ে বড় বাজেটের ছবি। ঈদুল ফিতরের পর থেকেই ছবিটির হল বুকিং নেওয়া হচ্ছে। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান। তিনি বলেন, ‘ঈদের ছবি মানেই কিন্তু একটু অন্যরকম। আমরা চেষ্টা করেছি ছবিটি একটু ভিন্নভাবে করতে। আশা করছি ছবিটি ভালো ব্যবসা করবে।’ ছবির প্রযোজক সেলিম খান জানিয়েছেন, ‘ঈদে ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে ছবিটি। এরই মধ্যে ৯০ হলের বুকিং হয়েছে।’ ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী ও কলকাতার পায়েল মুখার্জি।

জান্নাত

অনেকটা হুট করেই এবারের ঈদে ‘জান্নাত’ মুক্তির ঘোষণা দেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটিতে পাঁচ বছর পর আবারও জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ছবির অন্যান্য চরিত্রে আছেন আলীরাজ, মিশা সওদাগর ও শিমুল খান। এ ছবির মাধ্যমে প্রথমবার ঈদ উৎসবে সাইমন সাদিকের ছবি মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে নায়ক-নায়িকা দুজনই আশাবাদী।

বেপরোয়া

ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন ববি ও রোশান। কলকাতার রাজা চন্দ পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ছবির অনাপত্তিপত্র দিয়েছে। এখন চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।

মাতাল

সাইমন সাদিক ও নবাগত অধরা জুটির প্রথম ছবি ‘মাতাল’। ছবিটি এখন সেন্সরে রয়েছে। ছাড়পত্র পাওয়ার পরই নিশ্চিত জানা যাবে হলের বিষয়। ছবিটিতে আরও অভিনয় করেছেন অরিন ও শিপন মিত্র।

মনে রেখো

ওয়াজেদ আলী সুমন পরিচালিত কলকাতার বনি ও বাংলাদেশের মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখো’ ছবি ঈদে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডে জমাও পড়েছে ছবিটি।