English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮ ১৫:৩৫

দ্বন্দ্বে জড়ালেন বুবলী-ফারিয়া?

অনলাইন ডেস্ক
দ্বন্দ্বে জড়ালেন বুবলী-ফারিয়া?

নিজের ক্যারিয়ারের স্বার্থে নায়িকাদের যেমন আগলে রাখতে জানেন তেমনি ছুড়ে ফেলতেও সময় নেন না ঢালিউডের কিং খান শাকিব। বুবলী-শাকিবের সম্পর্ক নিয়ে কম বাতচিৎ হয়নি সিনেমাপাড়ায়। ডজনখানেক সিনেমাও বুবলীকে পাইয়ে দিয়েছেন শাকিব। হালে খান সাহেব বলছেন, তিনি এ দেশে নায়িকা সঙ্কটে ভুগছেন। এক বুবলীকে আর কত দেখবেন দর্শক।

এক সময় তো শাকিব-বুবলী জুটিতে দর্শক বোর ফিল করবে। সুতরাং তিনি নতুন মুখ খুঁজছেন তার বিপরীতে। এমন মন্তব্যের সপ্তাহ না পেরুতেই শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘শাহেনশাহ’-তে শাকিব চুক্তিবদ্ধ করিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার আবিষ্কার নুসরাত ফারিয়াকে। খবরটি চাউর হয়ে গেলে বুবলী অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে তার হৃদয় যে দু’ধার তলোয়ারের এফোঁড় ও ফোঁড় হয়েছে তা অনুমান করা যায়। অন্যদিকে বুবলীর বাঁধাধরা ঘরে প্রবেশ করতে পেরে ফারিয়া বেশ ফুরফরাই রয়েছেন। তাহলে কি খান সম্রাজ্যে এবার বুবলী-ফারিয়া দ্বন্দ্ব দেখবে সিনেমাওয়ালারা? বুবলী-ফারিয়া অবশ্য এমন দ্বন্দ্বের কথা সরাসরিই উড়িয়ে দিয়েছেন। ফারিয়া বলছেন, শাকিব খানের সঙ্গে তো অনেকেই কাজ করছেন। কলকাতার নায়িকারও আছেন তার তালিকায়। সুতরাং বুবলীর সঙ্গে এই নিয়ে আমার কোনো ঝামেলা হওয়ার কথা নয়। অন্তত আমার পক্ষ থেকে। আমি বেজায় খুশি, ঢালিউডের সেরা নায়কের সঙ্গে প্রথম কাজ করব বলে।

অন্যদিকে বুবলী ব্যাঙ্কক থেকে বললেন, আমি আর কয়টি সিনেমা করব শাকিব খানের সঙ্গে। সেও যেমন অন্য নায়িকার সঙ্গে কাজ করবেন আমিও সুযোগ এলে অন্য নায়কদের সঙ্গে কাজ করব। এটা স্বাভাবিক একটি বিষয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান আর বুবলী ব্যাঙ্কক রয়েছেন। শোনা যাচ্ছে, ঈদের দুই-একদিন আগে তারা ঢাকায় ফিরবেন। ক্যাপ্টেন খান সিনেমার দুটি গানের শুটিং করছেন সেখানে তারা। দুটি গানের শুটিং করতে সর্বোচ্চ তিন দিন প্রয়োজন বলে নির্মাতা-নির্দেশকরা বলাবলি করছেন। এক সপ্তাহেরও বেশি সময় থাইল্যান্ডে কী করবেন শাকিব-বুবলী। এ সিনেমাটি ঈদেই মুক্তি পাবে। সুতরাং গানের কাজ শেষ করে সেন্সর মিলিয়ে দ্রুতই ইউনিটের ঢাকায় ফেরার কথা। তাহলে কি নুসরাত ফারিয়াকে নিজের শিবিরে নেওয়ায় মনোকষ্টে থাকা বুবলীকে ম্যানেজ করতেই একটু অবকাশ কাটাবেন তারকা এ জুটি? কেউ কেউ সে রকমই ইঙ্গিত দিচ্ছেন মুচকি হেসে!