English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ০৯:২৬

বলিউডের ছবিতে হিরো আলম

অনলাইন ডেস্ক
বলিউডের ছবিতে হিরো আলম

শোবিজ জগতের আলোচিত এক নাম ‘হিরো আলম’। ২০১৬ সালের দিকে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ার তারকা বনে যান। এরপর থেকে নানান ধরণের আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্কের তোয়াক্কা না করে নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন।  

অভিনয় করার জন্য যা যা দরকার সেটা হিরো আলমের না থাকলেও বিভিন্ন শর্ট ফিল্ম কিংবা মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচিত হন। শুধু তাই নয় ইউটিউব কিংবা ছোট পর্দা ছাপিয়ে বড় পর্দায়ও অভিষেক হয় হিরো আলমের। 'মার ছক্কা' শিরোনামের ছবিতে নামি-দামি অভিনেতাদের সঙ্গে অভিনয় করেন তিনি।

দেখতে মোটেও সুদর্শন না হলেও বড় পর্দায় ছক্কা হাঁকানোর পর এবার বাস্তব জীবনেও ছক্কা হাঁকাতে যাচ্ছেন এ অভিনেতা। আর সেটা হল ঢালিউড ছাপিয়ে বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সানি লিওনের নায়ক হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন আলম। আপাতত সেটি না হলেও বলিউডের ছবিতে যে অভিনয় করছেন সে খবর অনেকটাই নিশ্চিত।

বুধবার দুপুরে পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে এ বিষয়ে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। ছবির নাম 'বিজু দ্য হিরো'। আগামী ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে ভারতের রাঁচি শহরে। ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার।

ছবির পরিচালক প্রভাত কুমার জানান, ‘আমরা এমন একটি ছবি করতে যাচ্ছি যেখানে হিরো আলমের মতোই হালকা-পাতলা ধরনের একজন অভিনেতা দরকার। ছবিটিতে তিনি 'মূক' চরিত্রে অভিনয় করবেন। পুরো ছবিটার গল্প আবর্তিত হবে তাকে ঘিরে। আমরা হিরো আলমের খোঁজ পাই সোশ্যাল মিডিয়ায়। এরপর ভারতের বেশ কয়েকটি পত্রিকাতেও তার সম্পর্কে প্রতিবেদন দেখি। আমরা যে চরিত্র খুঁজছিলাম মনে হচ্ছিল এটা তিনি করতে পারবেন।’

এদিকে হিরো আলম বলেন, 'আমি খুবই আনন্দিত'। বলিউডের ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ঢাকায় এসে বড় অনুষ্ঠান করে সবাইকে জানাব।’ তবে এখনো জানা যায়নি এই ছবিতে হিরো আলমের বিপরীতে কোন নায়িকা থাকছেন।