ছেলের পছন্দে নাক গলাতে চাই না: অক্ষয়
বলিউড অভিষেক হচ্ছে অক্ষয় কুমারের ছেলে আরভ কুমারের। খুব শিগগিরই তাকে বলিউডে দেখা যাবে? সম্প্রতি এমন গুঞ্জনই ঘুরপাক খাচ্ছে বলিউডের অন্দরমহলে। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন অক্ষয়। সম্প্রতি আরভের বলিউড ডেবিউ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন অক্ষয়।
উত্তরে জনপ্রিয় এ অভিনেতা বলেন, আরভ এই মুহূর্তে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুতেই মন নেই তার। মুম্বাইয়ে স্কুলিং শেষ করে সে লন্ডনে পড়তে যাবে বলে জানিয়েছে।
এমনকি, লন্ডনে যেখানে পড়াশোনা করবে সেই জায়গায়ও পছন্দ করে নিয়েছে। আর ছেলের এই পছন্দের বিষয়ে নাক গলাতে চাই না। আরভের ইচ্ছে হলে সে পড়াশোনা নিয়ে থাকবে, না হলে অভিনয় করবে, সেটা পুরোপুরি ওর উপর নির্ভর করে। এ বিষয়ে অক্ষয় কুমার কখনও কিছু বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
এদিকে সম্প্রতি বলিউড অভিষেক হয়েছে জাহ্নবী কাপুরের। 'ধড়ক' দিয়ে বলিউডে পা রাখেন শ্রীদেবী-কন্যা। জাহ্নবীর পর এবার ডেবিউয়ের জন্য অপেক্ষা করছেন সাইফ-কন্যা সারা আলি খানও। 'কেদারনাথ'-এর শুটিং শেষ করে এই মুহূর্তে 'সিম্বা'-র শুটিং শুরু করেছেন সারা। তবে কবে মুক্তি পাবে 'কেদারনাথ' সে বিষয়ে কিছু জানা যায়নি।
জাহ্নবী এবং সারার পাশাপাশি চাঙ্কি পান্ডের মেয়ে অন্যন্যা পান্ডেও বলিউডে ডেবিউয়ের জন্য তৈরি। এদিকে 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার টু'-তে শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের অভিনয় করার কথা ছিল। কিন্তু, পরে জানা যায়, ঈশানের পরিবর্তে সেখানে আনা হয় জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফকে।
জানা যায়, তারা সুতারিয়ার সঙ্গে বিচ্ছেদের জেরেই এই সিনেমা থেকে বাদ পড়েন ঈশান খট্টর। যা নিয়ে বলিউডের বেশ কিছুদিন ধরে গুঞ্জনও শুরু হয়। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ঈশান খট্টর।


