English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৮ ১১:৩৮

ফেরদৌস-পূর্ণিমার চুক্তি

অনলাইন ডেস্ক
ফেরদৌস-পূর্ণিমার চুক্তি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক-নায়িকা ফেরদৌস ও পূর্ণিমার বন্ধত্বের কথা অনেকেরই জানা। পর্দায় জুটি বেঁধেও একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা-অভিনেত্রী।

এ তালিকায় রয়েছে ‘বলো না ভালোবাসি’, ‘সন্তান যখন শত্রু’, ‘মধু পূর্ণিমা’, ‘দুর্ধর্ষ সম্রাট’ প্রভৃতি। এরপর ফেরদৌস নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও পূর্ণিমা ছিলেন পর্দার আড়ালে। দীর্ঘ পাঁচ বছর বিরতির পর ছবির শুটিংয়ে ফিরবেন পূর্ণিমা। ‘গাঙচিল’ শিরোনামের এই ছবিতে পূর্ণিমা জুটি বাঁধছেন বন্ধু ফেরদৌসের সঙ্গে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি।  

পূর্ণিমা বললেন, ‘পাঁচ বছর পর ফিরছি। নায়ক হিসেবে পাচ্ছি আমার বন্ধু ফেরদৌসকে। এটা বেশ মজার বিষয়। 'গাঙচিল'-এ আমি এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করব। এরই মধ্যে চরিত্র নিয়ে ভাবনা শুরু করেছি। আগের মতো এবারও সবার ভালোবাসা প্রত্যাশা করছি।’

রাজধানী ঢাকার গুলশানের এক হোটেলে ফেরদৌস ও পূর্ণিমার মধ্যে চুক্তিও শেষ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এই নির্মাতা জানান, ‘আমার নতুন ছবির গল্প নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্প নিয়ে। উপন্যাসটি এরই মধ্যে যারা পড়েছেন, তারা নিশ্চয়ই এ সম্পর্কে জানেন।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ‘গাঙচিল’ ছবিতে ফেরদৌস অভিনয় করবেন সাংবাদিকের চরিত্রে। শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে। এদিকে ‘গাঙচিল’ ছাড়াও ‘জ্যাম’ নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস ও পূর্ণিমা।