আন্দোলন নিয়ে ‘গুজব’ ছড়ানোয় অভিনেত্রী নওশাবা গ্রেফতার
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
র্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেত্রী নওশাবাকে জিজ্ঞাসাবাদ করার জন্য র্যাব-১ কার্যালয়ে নেয়া হয়েছে। এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
শনিবার দুপুরে আন্দোলন চলাকালীন ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী। লাইভে তিনি হাঁপাতে হাঁপাতে কান্নামুখর হয়ে বলতে থাকেন জিগাতলায় একজনের চোখ তুলে ফেলা ও চার জনকে মেরে ফেলার ঘটনা।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট ছড়ানোর অভিযোগে এরই মধ্যে ২৯টি আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি’র সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম।
গত রবিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হোটেল র্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়ালসড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও দিয়া খানম ওরফে মীম (১৬) নিহত হয়।
ওই দিন বিকেলেই রাজধানীর দু-একটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরদিন সোমবার নৌপরিবহন মন্ত্রী শাহাজান খান গণমাধ্যমের সামনে এ নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করলে ফুঁসে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
এরই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক নিশ্চিতসহ ৯ দফা দাবিতে শনিবার টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ আন্দোলন করে শিক্ষার্থীরা।
এরই মধ্যে গত বুধবার জাবালে নূর পরিবহনের ঘাতক বাসটির চালক মাসুম বিল্লাহকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একইসঙ্গে বাতিল করা হয়েছে জাবালে নূর পরিবহনের রুট পারমিট ও নিবন্ধন। বৃহস্পতিবার জাবালে নূরের মালিক শাহাদৎ হোসেনকেও ৭ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।


