English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৮ ১১:২২

এবার হলিউডে পূর্ণিমা!

অনলাইন ডেস্ক
এবার হলিউডে পূর্ণিমা!

শিরোনাম পড়েই পাঠক খুশিতে গদগদ। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা নিশ্চয়ই হলিউডে অভিনয় করতে যাচ্ছেন। এ সংবাদে দেশের সিনেমাপ্রেমীরা খুশিই হবেন। কিন্তু বিষয়টি তেমন নয়। পূর্ণিমা হলিউডে গেছেন ঠিকই, কিন্তু অভিনয়ের জন্য নয়, ঘুরতে গেছেন। আর হলিউডে ঘুরাঘুরির ছবি শেয়ার করেছেন ফেসবুকে।

পূর্ণিমা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে ঘুরে বেড়ানোর কিছু ছবি ভক্তদের উদ্দেশে নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, হলিউড সাইনকে ফ্রেমে রেখে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা।

কালো রঙের ওয়ান পিসের ওপর রঙিন ফুলেল অ্যাম্ব্রয়ডারির কামিজ পরে মার্কিন চলচ্চিত্রের সিনেমাপাড়া হলিউডে গিয়েছিলেন এই চিত্রনায়িকা। যুক্তরাষ্ট্রে পূর্ণিমার ঘুরে বেড়ানোর সঙ্গী হিসেবে আছেন টনি ডায়েসের স্ত্রী প্রিয়া ডায়েস।

এদিকে শনিবার (২৮ জুলাই) বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বিএএএলএ) আয়োজিত ‘আনন্দ মেলা’য় অংশ নিয়েছেন পূর্ণিমা। সেখান তাকে দেয়া হয়েছে ‘লস অ্যাঞ্জেলেস কংগ্রেসনাল রিকগনিশন’ সনদ।

পূর্ণিমা ছাড়াও সেই অনুষ্ঠানে একই সনদ পেয়েছেন প্রিয়া ডায়েস, প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব, সুরকার ইমন সাহাসহ অনেকে। আগামী ২ আগস্ট পূর্ণিমার ঢাকায় ফেরার কথা রয়েছে।

দীর্ঘদিন বিরতির পর সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস ও আরেফিন শুভ। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাও থাকছেন। শিগগিরই শুটিং শুরু হবে সিনেমাটির।