বলিউডের বন্ধুর নাম জানালেন জ্যাকুলিন
শ্রীলঙ্কা থেকে উড়ে এসে বলিউডে জুড়ে বসেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এরপর তো ইতিহাস। লঙ্কান সুন্দরী থেকে হয়ে গেলেন পুরোদমে বলিউড অভিনেত্রী।
ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দখল করেন আকাশচুম্বী জনপ্রিয়তা। শুধু তাই নয় বলিউডের একেবারে শীর্ষস্থানীয় নায়কদের সঙ্গে অভিনয় করে এরই মধ্যে পেয়েছেন তারকা খ্যাতিও।
এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'জুড়ুয়া-টু' ও রেস-থ্রিও ব্যবসা সফল হওয়ার পাশাপাশি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এর একটিতে বরুণ ধাওয়ান ও অন্যটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকুলিন। এ দুজনের কার সঙ্গে অভিনয় করতে গিয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
সম্প্রতি ভারতের গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে জ্যাকুলিন বলেন, ‘বরুণ আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, তাই তার সঙ্গে কাজ করাটাও খুব সহজ। সালমানের নাম বলতে পারলে ভালো হতো কিন্তু তাকে খুব ভয় পাই। আমি বলছি কারণ এটি শুধু তার তারকাখ্যাতির জন্য। অক্ষয় কুমারের সঙ্গে কাজ করতেও আমি স্বাচ্ছন্দবোধ করি।
এদিকে ক্যারিয়ারের শুরু থেকে দুর্দান্ত অভিনয়ের জন্য যেমন প্রশংসা পেয়েছে, তেমনি সমালোচনার মুখেও পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। তবে সমালোচনা খুব একটা গায়ে মাখেন না বলে জানিয়েছেন জ্যাকুলিন। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
জ্যাকুলিন বলেন, ‘বেশির ভাগ সময় সমালোচনাগুলো আমার কাছে খুব একটা পৌঁছায় না। এমনকি আমি জানতেও পারি না। আমি খুব বেশি রিভিউ পড়ি না অথবা শুনিও না। আমার সবচেয়ে বড় সমালোচক আমি নিজেই। আমি পর্দায় নিজেকে দেখি এবং আমার পারফরম্যান্সের বিশ্লেষণ করি। আমি যদি ভালো কিছু করি অথবা কোনো চরিত্রে কিছুটা পরিবর্তন আনতে পারি তাহলে তার স্বীকৃতি আমি পাই।


