English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৮ ১০:১৬

পরীমনি আছেন শুধু অন্তর্জালে, আর……

অনলাইন ডেস্ক
পরীমনি আছেন শুধু অন্তর্জালে, আর……

‘ভালবাসা সীমাহীন’ দিয়ে শুরু। তারপর একটু একটু করে কেটে গেছে তিন বছর। এরমধ্যে ২০টি সিনেমা আলোর মুখ দেখেছে। কাজ করেছেন দেশসেরা নায়ক, পরিচালকদের সঙ্গে বিগ বাজেটের চলচ্চিত্রে। তারপরও ভাগ্যের শিকে ছিড়েনি। রূপ, লাবন্য, সুন্দর মুখশ্রী, শারিরিক গড়ন-সবই তার আছে, তারপরও কী যেন নেই! বারবারই আক্ষেপের অন্যনাম হয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন পরীমনি! বানিজ্যিক কোন সফলতা নেই। বিস্ময়কর হলেও সত্য তারপরও গ্ল্যামারের ঝলকানিতে বড় তারকার উত্তরীয় গায়ে জড়িয়ে নিয়েছেন ‘ডানাকাটা’ পরী।

নতুন কোন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এমন কোন খবরও নেই মাসছয়েক ধরে। এরমধ্যে নিজের প্রতিষ্ঠান সোনার তরী থেকে একটি চলচ্চিত্র প্রযোজনার কথা ঘোষণা দিয়েছিলেন। এমন কী জমকালো আয়োজনে ‘ক্ষত’ নামের সেই সিনেমার মহরত করলেও দীর্ঘ সময় পার হবার পরও নির্মিতব্য এ সিনেমার কোন খবর নেই। পরীমনি আছেন শুধু অন্তর্জালে, ফেসবুকের টাইমলাইনে। যেখানে বন্ধুদের সঙ্গে খুনসুটি আর পুরনো স্মৃতি নতুন করে জমা করছেন এই চিত্রনায়িকা। নানা রঙের পোশাকে লাস্যময়ী হয়ে ধরা দিলেও রূপালী পর্দার নতুন কোন খবর দিতে পারছেন না!

অবশ্য রোজার ঈদের আগে ভিন্ন এক কারণে বিনোদন জগতে শিরোনাম হয়েছিলেন তিনি। হঠাৎ করেই অসুস্থ হয়ে ভর্তি হন রাজধানীর অ্যাপেলো হাসপাতালে। ঈদের দিন সকালে পেটে ও বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন পরী। গ্যাস্ট্রিকের কারণে এ সমস্যা হয় এই সুন্দরী অভিনেত্রীর। চিকিৎসকরা ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার পর সুখবরই মিলে। সেই ধাক্কা সামলে সপ্তাহ দুয়েক পর ফের হাসপাতালে যেতে হয় তাকে। এবার প্রচন্ড জ্বরে কাবু পরীমনি। বেশকিছুদিন হাসাপাতালের বিছানায় অলস সময় কাটাতে হয়েছে তাকে।

এখন তিনি সুস্থ। তবে ঘন ঘন হাসপাতাল যাতায়তে পরীকে নিয়ে কানাঘুষাও কম হয়নি। যা হোক আপাতত পরীর কোন আপডেট নেই। তাহলে তিনি কোথায়? শুধুই কি ঘরকুনো হয়ে থাকবেন। নাকি বড় ধরনের কোন খবর নিয়ে আসবেন বলে একটু ঘাপটি মেরে আছেন? দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ মুক্তির প্রতীক্ষায়, খবর এটুকই! সর্বশেষ গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’-এ শুভ্রা চরিত্রে মুগ্ধতা ছড়ালেও ছবিটি ব্যবসা সফল হয়নি। তার আগে শাকিব খান থেকে শুরু করে জায়েদ খান, সাইমন সাদিক সবার সঙ্গেই পর্দায় হাজির হয়েছেন। সেখানেও ব্যর্থতাই সঙ্গী। সুন্দর মুখশ্রী আর রূপ লাবণ্যে মুগ্ধতা ছড়ালেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হচ্ছে না! যতোটা গর্জে উঠেছিলেন ঠিক ততোটা বর্ষণ হচ্ছেই না!