English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৮ ১৮:৪৭

স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তমালিকা

অনলাইন ডেস্ক
স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তমালিকা

মঞ্চ ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। দীর্ঘদিন টিভি পর্দায় অনুপস্থিত থাকলেও মঞ্চে সরব ছিলেন তিনি। তবে এবার হয়তো মঞ্চেও পাওয়া যাবে না তাকে। কারণ গত রবিবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী। সেখানেই স্থায়ীভাবে বসবাস করবেন তিনি।

তমালিকা কর্মকার মঞ্চনাটকের নিয়মিত অভিনেত্রী। গত ১৮ জুলাই সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’ এর মঞ্চায়ন হয়। সেখানে অভিনয় করেন তমালিকা। ঢাকার মঞ্চে এটিই সম্ভবত তার অভিনীত শেষ নাট্য প্রদর্শনী।

তমালিকার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, টিভি নাটকের অভিনয়ে আগের মতো কাজ নেই। অনেকদিন ধরেই অনিয়মিত কাজ করে যাচ্ছিলেন তিনি। জীবন যাপনের টানাপোড়েনে ভুগছিলেন এই অভিনেত্রী। তাই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চ কিংবা চলচ্চিত্রে অভিনয় করেও আলোচিত হয়েছেন তমালিকা। সর্বশেষ তাকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘ঘেঁটুপুত্র কমলা’ ছবিতে। ২০০২ সালে ‘কিত্তনখোলা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমালিকা।