English Version
আপডেট : ২৩ জুলাই, ২০১৮ ১৪:৪৩

​‘মান্না ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক’

অনলাইন ডেস্ক
​‘মান্না ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক’

ঋতুপর্ণা। কলকাতার আলোচিত অভিনেত্রী। গতকাল ঢাকায় এসেছেন তিনি। ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠানে আজ হাজির হবেন এ অভিনেত্রী। এই প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘জ্যাম’-এর মহরতে রাজধানীর ঢাকা ক্লাবে আজ হাজির হবো। ছবিতে অভিনয় নিয়ে এখনই কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলব, দর্শকদের চমকে দিতেই এবারের বাংলাদেশ সফর।

নায়ক মান্না সম্পর্কে চিরো যৌবনা এই নায়িকা বলেন, মান্না ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। তার সঙ্গে [মান্না] অনেক ছবিতে অভিনয় করতে গিয়েই এ সম্পর্ক তৈরি হয়েছে। মান্না ভাই চলে গেছেন। কিন্তু শেলী ভাবীর সঙ্গে আমার যোগাযোগ ঠিকই রয়েছে। সেই সূত্রেই এবারের ঢাকা সফর।

এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গহীন হৃদয়’ ছবিতে সাহসীভাবে উপস্থিত হয়েছেন ঋতুপর্ণা। সেই ছবির অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘গহীন হৃদয়’ ছবিতে সোহিনী চরিত্রে অভিনয় করছি। একজন মেয়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয়, সে পরিস্থিতিতে না পড়লে অন্য কেউ তা বুঝবে না। বাইরে থেকে কাউকে বিচার করা ঠিক না। এটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে।