English Version
আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১০:৪৪

দ্বিতীয় সংসারে আপত্তি নেই চাঁদনীর

অনলাইন ডেস্ক
দ্বিতীয় সংসারে আপত্তি নেই চাঁদনীর

এ বছরের অন্যতম আলোচিত খবর হলো বাপ্পা-চাঁদনীর বিচ্ছেদ। দেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের সঙ্গে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর সুদীর্ঘ এক দশকের দাম্পত্য জীবনের ইতি ঘটে চলতি বছরের শুরুর দিকে। বিচ্ছেদের পর অভিনেত্রী তানিয়া হোসাইনকে নতুন জীবনসঙ্গী নির্বাচন করেন বাপ্পা। ইতোমধ্যে বাপ্পা-তানিয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। অন্যদিকে এখনও একাকী আছেন চাঁদনী। তবে দ্বিতীয় সংসারে আপত্তি নেই বলেই জানালেন দু’বার জাতীয় পুরস্কার পাওয়া গুণী এই শিল্পী।

মনের মতো মানুষ খুঁজে পেলে আবার নতুন করে জীবন শুরু করবেন কিনা জানতে চাইলে চাঁদনী বলেন, ‘আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না। এই মুহূর্তে মনের মতো কেউ নেই এটা বলতে পারি। আমার এখন কারও সঙ্গে কিছু নেই। কিছু হলে নিশ্চয়ই সবাই জানবে। চেষ্টা আছে, তবে মন চায় না। হয়তোবা হবে। দেখা যাক।’

চাঁদনী আরও বলেন, ‘সবেচেয়ে বেশি দোয়া দরকার আমার চেয়ে আমার পরিবারের। আমরা না হয় দাঁড়িয়ে যেতে পারি, কিন্তু পরিবার কিন্তু অনেক সময়ই তা পারে না। পরিবার অনেক বড় একটি বিষয়। অনেকতো সংসার করলাম। এখন একটু নাচ-গান করি, নিজের মতো থাকি। জন্ম, মৃত্যু, বিয়ে মানুষের হাতে নেই। তাই বিয়ের ব্যাপারটা নিয়তির ওপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’

ঘুরে দাঁড়ানোর কথা জানাতে গিয়ে চাঁদনী বলেন, ‘আমি চাই, মেয়েরা একটু শিখুক আমাকে দেখে। আমি শুধু এটুকু বলবো, সবাইকে ধৈর্য্য ধরতে হবে। বলে কখনো কিছু হয় না। কখনো কাউকে অশ্রদ্ধা করি না। সত্যটাই বলি। কেউ কিছু বললেও সবসময় ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখার চেষ্টা করেছি। ব্যক্তিগত জীবন কখনো বিকৃত করিনি, বিক্রিও করিনি। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই। এটা মেনে চললেই হয়তো সম্মান পাওয়া যায়। আমি এমটাই মনে করি। সেজন্যই হয়তো আমি সম্মান পাচ্ছি, শুভকামনা পাচ্ছি। কেউ কিছু বললে আমার কিছু আসে যায় না। আমি কখনো কাউকে কৈফিয়ত দিই না। আমি কী সেটা মানুষ এমনিই জানবে। আমি এই শিক্ষা পেয়েছি আমার পরিবারের কাছ থেকে।’

সামনে নিয়মিত কাজে দেখা যাবে কিনা জানতে চাইলে চাঁদনী বলেন, ‘আপনি বলছেন, আমিও চেষ্টা করছি। আমরা দুজনই পজিটিভ ভাইব্রেশন দিচ্ছি। আপনারা আমার সাক্ষাৎকার নিচ্ছেন এটা অবশ্যই আমার জন্য শুভকামনা। কেউ কাজে নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার। কাজের প্রস্তাব আসছে। কিন্তু একটা কোয়ালিটি মেইনটেইন তো করতেই হবে। আমি দুবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি। কিন্তু এখন হয়তো অনেকে আমাকে চেনেন না। তাদের চেনানো দরকার। সবার দোয়া চাই যেন ভালো কাজ পাই।’

চাঁদনী আরও বলেন, ‘এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে চলচ্চিত্র ও দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশনের সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। এছাড়া নাটক, বিজ্ঞাপনের কাজও আসছে।’