English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৮ ১৭:১১

সংসার ভাঙা গুজব নিয়ে বিরক্ত পূর্ণিমা

অনলাইন ডেস্ক
সংসার ভাঙা গুজব নিয়ে বিরক্ত পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমার মাধ্যমে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

মাঝে দীর্ঘ ৫-৬ বছর অভিনয় থেকে দূরে ছিলেন পূর্ণিমা। সম্প্রতি নতুন লুকে ফিরেছেন তিনি। আর ফিরেই আবারো চলচ্চিত্রে সরব হওয়ার আভাস দিচ্ছেন ‘মনের মাঝে তুমি’ খ্যাত অভিনেত্রী। বর্তমানে উপস্থাপনা করছেন ‘লাভেলো এবং পূর্ণিমা’ নামে একটি সেলিব্রেটি অনুষ্ঠানের। এরইমধ্যে তার সংসার ভাঙা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।   ২০০৭ সালে আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন এই অভিনেত্রী। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে ছোট্ট একটি ফুটফুটে মেয়েও রয়েছে। সম্প্রতি বেশকিছু অনলাইন গণমাধ্যমে খবর রটেছে সংসার ভাঙছে পূর্ণিমার? এই শিরোনামে।

এ ব্যাপারে পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ধরনের সংবাদ ভিত্তিহীন। যারা এমন নিউজ করেছে তারা আমার কোন বক্তব্য নেয়নি। আমি এমন সংবাদে খুবই বিরক্ত। আমাদের মধ্যে কোন ধরনের মনোমালিন্য নেই। পূর্ণিমার সংসার ভাঙা প্রসঙ্গে গণমাধ্যমে যে খবর রটেছিল সেখানে বলা হয়, পূর্ণিমার অতিরিক্ত মিডিয়াপ্রীতি আর ফাহাদের মিডিয়াবিরাগ তাদের সম্পর্কে বড় ধরনের দেয়াল তৈরি করেছে।

কয়েক বছর আগে পূর্ণিমা যখন মিডিয়ায় নিয়মিত কাজ করার ঘোষণা দেন, তখন থেকেই নাকি তাদের সম্পর্কের অবনতির শুরু। স্বামীর চাপে অনেক দিন পূর্ণিমা তার শ্বশুরবাড়ি গিয়ে গৃহিণী হয়ে ছিলেন। বছর না ঘুরতেই পূর্ণিমা ফিরে এসে মিডিয়াঙ্গনে ঘোরাঘুরি শুরু করেন যা ভালোভাবে নিতে পারেননি তার স্বামী ফাহাদ।   প্রকাশিত ওইসব খবরে বলা হয়, জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা দহন এ চুক্তিবদ্ধ হয়েও ছেড়ে দেয়ার পেছনে পূর্ণিমার স্বামী ফাহাদের একরোখা মনোভাবকেই দায়ী করছেন সিনেমার অনেকে। গত প্রায় চার বছর পূর্ণিমার মা আলাদা থাকছেন। এটাও নাকি তারকা দম্পতির মনোমালিন্যের ফল।

পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে। পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত লাল দরিয়া (২০০২), মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি (২০০৩), চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ (২০০৪) ও নাট্যধর্মী সুভা এবং এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা (২০০৬) ও আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)।