English Version
আপডেট : ১১ জুলাই, ২০১৮ ১৬:৩৫

যে কারণে কানাডায় আফ্রিদি ও সালমান খান একসঙ্গে

অনলাইন ডেস্ক
যে কারণে কানাডায় আফ্রিদি ও সালমান খান একসঙ্গে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাননি শহীদ আফ্রিদি। গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে এ মুহূর্তে কানাডা অবস্থান করছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। সেখানেই আফ্রিদির সঙ্গে দেখা গেল বলিউড সুপারস্টার সালমান খানকে।

কানাডায় চলমান টি-টোয়েন্টি লিগে এডমন্টন রয়্যালসের হয়ে খেলছেন আফ্রিদি। খেলার পাশাপাশি অন্যান্য কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। কানাডায় খেলতে গেলেও নেমে পড়েছেন নিজের নামে প্রতিষ্ঠিত ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’-এর জন্য অর্থ সংগ্রহ করতে।

সালমান খান দুস্থ মানুষের মুখে হাসি ফুটিয়ে সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে ‘হোপ আপলাইট’ ফাউন্ডেশনের হয়ে কাজ করছেন। এই ফাউন্ডেশনের তহবিল সংগ্রহে এই বলিউড তারকাও অবস্থান করছেন কানাডায়। সেখানে একটি কর্মশালায় অংশ নেন আফ্রিদি-সালমান দুজনই।

সেই অনুষ্ঠানেই মিলিত হন দুই ভুবনের এই দুই তারকা। সেখানে ফাউন্ডেশনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে কিছুক্ষণ ব্যয় করেন তারা। কথা বলেন দুই দেশের শিক্ষাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষদের নিয়ে।

এরপর সালমানের সঙ্গে সাক্ষাতের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন আফ্রিদি। ছবির ক্যাপশনে এই অলরাউন্ডার লেখেন, ‘কমিউনিটির সদস্যের পাশাপাশি সালমান খানকেও দেখে ভালো লেগেছে। অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।’