English Version
আপডেট : ১০ জুলাই, ২০১৮ ১০:২৯

টলিউড নায়িকাদের ঈর্ষার নাম জয়া আহসান

অনলাইন ডেস্ক
টলিউড নায়িকাদের ঈর্ষার নাম জয়া আহসান

টলিউডে এখন জনপ্রিয় নায়িকার তালিকায় রয়েছেন জয়া আহসান। শুধু পর্দার জনপ্রিয়তা নয়, টলিউড ইন্ডাস্ট্রির সাথে তার সম্পর্কটা এখন ঘরের মতো। অভিনয় দিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন আগেই। তাই কলকাতার নায়িকাদের প্রতিদ্বন্দ্বীতার জায়গায়ও রয়েছেন জয়া। সম্প্রতি রিলিজ পেয়েছে তার নতুন ছবি ‘ক্রিসক্রস’-এর ট্রেলর।

পাঁচজন নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সেই নারীদের একজন জয়া। এছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও সহিনি সরকার। ছবির গল্পে দেখা যাবে, সমাজে নিজের জায়গা অর্জন করার জন্য লড়াই করে পাঁচজন নারী। প্রতিনিয়ত অসংখ্য বাঁধা পেরিয়ে পৌঁছাতে চায় নিজের মুক্তির দেশে। যেখানে বাঁচা যাবে নিজের মতো করে। নিজেদের সেই জীবন খুঁজতে ছুটছেন তারা। ছবিটি পরিচালনা করেছেন বিরসা দাসগুপ্ত। মিমি চক্রবর্তী পেশায় একজন ফটোগ্রাফার, ফটোগ্রাফিই তার জীবনের লক্ষ্য। কিন্তু সমস্যা তার প্রেমিককে নিয়ে। যে একেবারেই তার পেশাতে বুঝতে চায় না। এমনকি সময় বেঁধে দেয় নিজের জীবন বেছে নেওয়া নিয়ে। অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার রয়েছেন একজন সিঙ্গল মাদারের চরিত্রে। ছেলেকে নিয়ে কমবয়সী মেয়ে বিভিন্ন কারণে বিপদে পড়তে থাকে।

এক মদ্যপ ব্যক্তির অত্যাচারও সহ্য করতে হয়। জয়া আহসানকে এই ছবিতে মিস সেনের চরিত্রে দেখা যাবে। ক্যারিয়ারে যিনি নিজেকে অনেক ওপরে দেখতে চান। সেই লক্ষ্যেই নিজের সংগ্রাম চালিয়ে যান। ট্রেলার প্রকাশের পর জয়া আহসান বেশ প্রশংসা পাচ্ছেন তার দেশের ভক্তদের কাছ থেকে।

জয়া বলেন, ‘ছবিটি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। প্রথমদিকে ছবিতে অভিনয়ের কথা ছিল না। হঠাত্ করেই যুক্ত হয়েছি। এখন মনে হচ্ছে বেশ ভালো একটি কাজ আমি মিস করতাম। কিন্তু সেটি হলো না। ছবিতে পাঁচজন সংগ্রামী নারীর গল্প দেখানো হয়েছে। এই নারীগুলো কিন্তু আমাদের সমাজে অনেক। আমাদের চারপাশে তাকালেই এমন অনেককে দেখতে পাই। তাদের গল্পগুলোই এই ছবিতে দেখানো হয়েছে।’