English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৮ ১১:৪৮

যে কঠিন রোগ বাসা বেঁধেছে সোনালি বেন্দ্রের শরীরে

অনলাইন ডেস্ক
যে কঠিন রোগ বাসা বেঁধেছে সোনালি বেন্দ্রের শরীরে

বলিউডে আসছে একের পর এক দুঃসংবাদ। কয়েক মাস আগে প্রথমে ইরফান খানের অসুস্থতার কথা সামনে আসে। এর কয়েকমাস পর জানা যায়, তিনি নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারে আক্রান্ত। এবার জনপ্রিয় বলিউড অভিনেত্রো সোনালি বেন্দ্রের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধী ক্যান্সার। হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ইনস্টাগ্রামে নিজের চিকিৎসা চলাকালে একটি ছবি পোস্ট করে এই তথ্য ভক্তদের জানালেন সোনালি।

বর্তমানে নিউইয়র্কে সোনালির চিকিৎসা চলছে। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘সম্প্রতি আমার হাই গ্রেড ক্যান্সার ধরা পড়েছে। প্রথমে কিছু বুঝতে পারিনি। ব্যথা শুরু হওয়ায় কিছু পরীক্ষা করতে হয়, তাতেই ক্যান্সার ধরা পড়ে। আমার এমনই পরিস্থিতি ছিল যা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া ছাড়া সামলানোর আর কোনও উপায় ছিল না। সেই কারণে আমার চিকিৎসকরা আমাকে যা যা উপদেশ দিয়েছেন, সেটাই অনুসরণ করে যাচ্ছি। আপাতত আমার চিকিৎসা নিউ ইয়র্কে চলছে৷ এরকম পরিস্থিতিতে পরিবার ও বন্ধুরা পাশে থাকায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

খুবই আকস্মিক এই ঘটনায় ভেঙে পড়লেও, হার মানতে রাজি নন সোনালি। হতাশাগ্রস্থ না হয়ে সোনালি আরও লিখেছেন, ‘দ্রুত চিকিৎসা ছাড়া এই রোগের সঙ্গে মোকাবেলা করার আর কোনো পথ নেই। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন নিউইয়র্কে আমার চিকিৎসা চলছে। তবে আমি আশাবাদী এবং প্রতিটা পদক্ষেপে লড়াই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’

‘হাম সাথ সাথ হ্যায়’, ‘সারফারোস’, ‘কাল হো না হো’ এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন সোনালি বেন্দ্রে। বেশ কিছুদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ’এর বিচারকের ভূমিকায় ফিরে বেশ উচ্ছ্বসিত ছিলেন সোনালী বেন্দ্রে। তবে দুইদিন আগেই আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে শোয়ের বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ান। তার ভূমিকায় নেওয়া হয়েছে হুমা কুরেশিকে। আর এর পরেই তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর এলো।

এদিকে ইরফান খানের পর আরও এক শিল্পীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে মর্মাহত বলিউড। আর এই খবর পাওয়া মাত্রই সোনালির পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেকেই। করণ জোহর, মনীষ মালহোত্রা, সন্দীপ খোসলা, অর্জুন কাপুর, রাম কমল মুখোপাধ্যায়, জীতেশ পিল্লাই, সোনম কাপুরসহ অনেকেই সোনালিকে পাল্টা টুইট করে পাশে থাকার আশ্বাস দেন। দ্রুত আরোগ্য কামনা করেন। এ ছাড়া ভক্তরাও তার দ্রুত আরোগ্য কামনা করছেন৷

সূত্র: এনডিটিভি