English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৮ ১০:৩৬

আরিয়ানের পরিচালনায় আবারো অপূর্ব

অনলাইন ডেস্ক
আরিয়ানের পরিচালনায় আবারো অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় মুখ অপূর্ব। পরিচালক মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বেশ সফল তিনি। আরিয়ানের পরিচালনায় বড় ছেলে, ব্যাচ ২৭, কথপোকথন, সংসার, গল্পগুলো আমাদের- সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন অপূর্ব। 

এবার অভিনয় করছেন ‘প্রবাসী’ নাটকে। নাটকটি পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। আসছে ঈদে প্রচার হবে।

পরিচালকের ঈদুল ফিতরের ‘বুকের বাঁ পাশে’ বেশ আলোচনায়। ঈদুল আজহার ‘প্রবাসী’ও যে দারুণ কিছু হচ্ছে তা বলাই যায়।

কী আছে গল্পে? ‘মূলত প্রবাসীদের জীবনের প্রেম-ভালোবাসা, সংসার, সুখ-দুঃখের গল্প নিয়ে তৈরি হচ্ছে টেলিফিল্মটি। দৃশ্যায়ন হবে বাংলাদেশ ও মালয়েশিয়ায়। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি চলছে।’ জানালেন পরিচালক।

এই ঈদে আরিয়ানের বেশকয়েকটি নাটক পাওয়া যাবে। প্রত্যেকটিতে থাকছে বিশেষ বার্তা। যেমন; মোটিভেশনাল ড্রামা ‘শোক হোক শক্তি’র মূল কথা হলো, ব্রেক-আপের শোক জীবনের শেষ কথা নয়। এ নাটকে অভিনয় করবেন আফরান নিশো, যাকে দেখা যায় ‘বুকের বাঁ পাশে’ টেলিফিল্মে।

সাধারণ একটা মেয়ের জীবনযাপনের গল্প নিয়ে ‘আ সিঙ্গেল গার্ল’। আর ফেসবুক আসক্তি কাটানোর ফর্মূলা নিয়ে নাটক ‘ফেসবুক ছাড়ার ছয়টি উপায়’।

এছাড়াও প্রচার শেষ হয়েছে আরিয়ানের প্রথম ধারাবাহিক ‘গল্পগুলো আমাদের।’ ঈদের পরে শুটিং শুরু হবে নতুন ধারাবাহিক, যার শিরোনাম ‘ভালো থাকিস বাবা’।