English Version
আপডেট : ১২ জুন, ২০১৮ ১৪:২৪

আর ঠিক হবে না জ্যাকুলিনের চোখ?

অনলাইন ডেস্ক
আর ঠিক হবে না জ্যাকুলিনের চোখ?

গত মার্চ মাসের ঘটনা। বলিউডের আলোচিত ছবি রেস-থ্রি'র শুটিং করতে গিয়ে চোখে গুরুতর চোট পান জ্যাকুলিন ফার্নান্দেজ। ওই সময় ছবির প্রযোজক রমেশ জানিয়েছিলেন, জ্যাকুলিনের চোখের আঘাত ততটা গুরুতর নয়। তবে সম্প্রতি চোখের পরীক্ষা করিয়ে জ্যাকুলিন জানতে পেরেছেন, তার চোখের যে ক্ষতি হয়েছে, সেটি আর ঠিক হবে না।

জ্যাকুলিন জানান, তার চোখের আঘাতটি স্থায়ী। তাই এটি আর সম্পূর্ণভাবে ঠিক হবে না। সম্প্রতি চোখের একটি স্থিরচিত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জ্যাকুলিন এ তথ্য জানান।

এসময় জ্যাকুলিন আরো জানান, ‘আমার চোখের আইরিশ আগের মতো ঠিক হবে না। কিন্তু আমি খুবই আনন্দিত যে দেখতে পাচ্ছি।’

চিকিৎসকরা জানান, জ্যাকুলিনের এক চোখের মণি আর কখনোই আগের আকৃতি ফিরে পাবে না।

উল্লেখ্য, আবুধাবিতে রেস-থ্রির স্টান্টে অভিনয় করতে গিয়ে চোখে আঘাত পান জ্যাকুলিন ফার্নান্দেজ। তখন সাধারণ আঘাত ভেবে ততটা মাথা ঘামাননি তিনি নিজেও। সম্প্রতি চিকিৎসক জ্যাকুলিনের চোখ পরীক্ষা করে জানান, তার দৃষ্টিশক্তির কোনো ক্ষতি হয়নি। কিন্তু তার চোখের মণির আকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে; যা আর কখনোই ঠিক করা সম্ভব নয়।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ মুক্তি পাবে ১৫ জুন। ছবিটির পরিবেশক সালমান খান। বিশাল বাজেটের এই ছবিটি এবার বলিউডের বক্স অফিস কাঁপাবে বলে ধারণা চলচ্চিত্র বিশ্লেষকদের। এতে সালমান-জ্যাকুলিন ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর, ডেইজি শাহ প্রমুখ।