বিয়ের গুঞ্জন নিয়ে যা বলল শবনম ফারিয়া
চারদিকে তাকালেই ডিভোর্সের খবর, অন্যপাশে কারো নতুন সংসার বাঁধার গল্প। প্রতিনিয়তই হৃদয়-সংসার ভাঙাগড়ার খবর-গুঞ্জনে মুখরিত বিশ্ব শোবিজের আঙিনা। তারকা বলেই হয়তো তাদের সবকিছু নিয়েই সাধারণ মানুষ ও গণমাধ্যমের আগ্রহ খানিকটা বেশি। লুকানো বা গোপনে রাখা বিষয়টিও একমুখ-দুইমুখ করে ছড়িয়ে যায় সর্বত্র।
তেমনি জানা গেল, বিয়ে করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি অল টাইম দৌড়ের উপরে নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তিনি মূলত রোমান্টিক ধাচের নাটকে অভিনয় করে থাকেন। বর্তমানে ঈদের নাটক-টেলিছবির কাজ নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম চলচ্চিত্র ‘দেবী’। এরইমধ্যে গেল কয়েকদিন ধরেই শোবিজে ভাসছে শবনম ফারিয়ার বিয়ের গুঞ্জন।
কিছুদিন আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এ অভিনেত্রী এমন তথ্য গতকাল রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। দেশের একটি অনলাইন গণমাধ্যম দাবি করে ফারিয়ার বরের নাম হারুনুর রশীদ অপু। তিনি এশিয়াটিক জে ডব্লিউটি’র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
দীর্ঘদিন ধরেই দুজনের বন্ধুত্ব ও চেনাজানা। বুধবার (৩০ মে) দুপুরে ফারিয়ার সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। পরবর্তী সময়ে তাকে আবার ফোন করা হলে তিনি বলেন, ‘ফোন দেওয়ার প্রয়োজন নেই। দাওয়াত পাবেন শিগগিরই।’
অন্য একটি সংবাদমাধ্যমকে ফারিয়া জানান, বিয়ের খবরটি মিথ্যা। বিয়ে করলে তিনি সবাইকে জানাবেন।
এর কিছুক্ষণ পরই এই অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন। তিনি লিখেন, ‘আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন আছে!!! আমাদের তাদের কাজে জবাবদিহি করতে হয়, মিডিয়ায় কাজ করলে যে কাজের বাইরে আলাদা একটা জীবন আছে যেখানে আমি তারকা না, বাসার ছোট মেয়ে এইটা কেন ভুলে যাচ্ছেন? ঈদের সময় এইসব লিখে মানসিক ডিস্টার্ব দিয়েন না! টানা কাজ করে এমনেই টায়ার্ড! আমার বাবা মারা গেসে এক বছরও হয় নাই, এইটুকু সেন্স রাইখেন! চিলে কান নিয়ে গেসে বলে ছাগলের মতো দৌড়াইয়েন না। কাজ দিয়ে আপনারা আমাকে চিনসেন, কাজ নিয়ে কথা বলেন, কাজটা আরও ভালো মতো করার জন্য ইনসপায়ার করেন! আমাদের হ্যারাস করে আপনারা বড় হতে পারবেন না। সাংবাদিক এবং আমরা একে অন্যের পরিপূরক। আর প্লিজ, আমার বিয়ের নিউজ আমাকেই দিতে দেন! এতো তাড়াহুড়া কেনরে ভাই?’


