English Version
আপডেট : ২৪ মে, ২০১৮ ১৪:৪৩

আমাকে ক্ষমা করে দাও তাজিন আপু: শ্রাবন্তী

অনলাইন ডেস্ক
আমাকে ক্ষমা করে দাও তাজিন আপু: শ্রাবন্তী

অভিনেত্রী তাজিন আহমেদের অকালমৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বিনোদন জগৎ। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই জানিয়েছেন তাদের শোক। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তীও। ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন প্রয়াত তাজিন আহমেদের কাছে।

তিনি লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি বুঝিনি তোমার মূল্য। আমাকে মাফ করে দাও তাজিন আপু’।

কিন্তু কেন ক্ষমা চাইছেন শ্রাবন্তী? জানা গেছে, জীবনের শেষ সময়টা খুব নিঃসঙ্গ কেটেছে তাজিন আহমেদের। কেউ তাকে দিতেন না সময়, অনেকবার আকুতি জানালেও।

শ্রাবন্তীর কাছেও তিনি চেয়েছিলেন সময়। ফেসবুকের ম্যাসেঞ্জারে লিখেছিলেন, ‘শ্রাবণ কেমন আছিস তুইরে? একটা যোগাযোগও তো করিস না মাঝে মধ্যে। যা একটু ছবিতে বা স্ট্যাটাসে লাইক আর কমেন্ট দিস ব্যাস! আর কোনো যোগাযোগ করিস না কেন রে… ।’

সেই বার্তার কোনো উত্তর দেননি শ্রাবন্তী। ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে কলও করেছিলেন তাজিন। সেই কলও ধরেননি তিনি। 

আর এসব ঘটনাই এখন অনুশোচনায় পোড়াচ্ছে শ্রাবন্তীকে। সেকারণেই হয়তো ক্ষমা চাওয়া।

২২ মে হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার রিজেন্ট হাসপাতালে মারা যান একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। শুক্রবার অনুষ্ঠিত হবে তার কুলখানি।